২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুমিন ফারহানাকে আইনমন্ত্রীর টিপ্পনী, সংসদে হাস্যরস

সংসদ কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে বিএনপির সাংসদ রুমিন ফারহানা অভিযোগ তোলার পর আইনমন্ত্রী আনিসুল হকের টিপ্পনীতে হাস্যরসের সৃষ্টি হয়েছে সংসদ অধিবেশনে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 07:00 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

মঙ্গলবার সংসদে 'বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় জনমত যাচাইয়ের প্রস্তাব দেন রুমিন ফারহানা।

ওই আলোচনার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দাবি করেন তিনি। 

রুমিনের পর দুজন সদস্য বক্তব্য দেন। এরপর সদস্যদের বক্তব্যের জবাব দিতে ওঠেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে রুমিন ফারহানা সে সময় সংসদ কক্ষে ছিলেন না।

সে দিকে ইংগিত করে আইনমন্ত্রী বলেন, “উনি চলে গেছেন। আমার বক্তব্য উনার শোনার দরকার নাই। উনার বক্তব্য আমার কানে ঢুকিয়ে উনি চলে গেছেন।”

কিছু সময় পর বিলটির সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে গিয়ে রুমিন ফারহানা আইনমন্ত্রীর কথার জবাব দেন।

তিনি বলেন, “থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।”

বাইরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে রুমিন বলেন, ফৌজদারি কার্যবিধি মোবাইল ফোনে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু সংসদ কক্ষে নেটওয়ার্ক না পেয়ে বাইরে গিয়েছিলেন সেটা দেখতে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী পরে রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন।

তিনি বলেন, “ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করুন। এখানে ওয়াইফাই থাকার কথা।”

রুমিন ফারহানা এ সময় কিছু বলার চেষ্টা করলেও মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি।

পরে আইনমন্ত্রী বক্তব্য দিতে উঠে রসিকতার সুরে বলেন, “ওয়াইফাইয়ের কোড 'জয় বাংলা'। এজন্য উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।”

আইনমন্ত্রীর এই টিপ্পনীতে সরকারদলীয় সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।