এস কে সিনহার কারাদণ্ড নিয়ে যা বললেন গয়েশ্বর
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কারাদণ্ডের রায়ের নানা দিক তুলে ধরার পর সার্বিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটা একটা ‘খারাপ নজির’।
ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের দায়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়ে মঙ্গলবার রায় দেয় বিচারিক আদালত।
২০১৫ সাল থেকে ১০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের বিচারাঙ্গনের শীর্ষ পদে থাকা এস কে সিনহার বিদায় হয়েছিল দেশে ছেড়ে গিয়ে পদত্যাগের মধ্য দিয়ে।
মঙ্গলবার দুপুরে এই রায়ের পর বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “এটা (রায়) নিন্দা করারও কিছু নেই, গ্রহণ করারও কিছু নেই।
“আমার ব্যক্তিগত মত হচ্ছে, এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, যতক্ষণ সরকারের খায়েস মিটাতে পারছে ততক্ষণ ভালো ছিলেন। যখন সরকারের খায়েস মিটাতে পারেন নাই …”
“এটা কিন্তু একটা উদাহরণ সৃষ্টি হল, দৃষ্টান্ত সৃষ্টি হলো যে, প্রধান বিচারপতির ১১ বছরের জেল হইছে,” বলেন তিনি।
তবে এখন বিচারকরা রায় নিজেদের মতো করে দিতে পারেন কি না, তা নিয়ে সন্দেহের কথা বলেন গয়েশ্বর।
পরিস্থিতি ঘুরে গেলে কী হতে পারে, তা ভাবতেও ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তিনি।
“এই কথাটা বর্তমান প্রধানমন্ত্রী বোঝেন না। যখন বুঝবেন, তখন তার কিছু করারও থাকবে না, বলারও থাকবে না।”
শেখ হাসিনা ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়েছেন দাবি করে গয়েশ্বর বলেন, “জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে উনি দাঁড়িয়ে আছেন। এখন শেখ হাসিনা নিজেই বাংলাদেশ সর্বপ্রকার শক্তি হয়ে গেছেন। এটাই বিচ্ছিন্নতা।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন গয়েশ্বর।
বিএনপির সহযোগী সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জাসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লোকমান হোসেন ফকির, উনার একটা গান ছিলো- বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। সংস্কৃতির জগতের লোকেরা রাষ্ট্রের-সমাজের অনেক কিছু পাল্টাতে পারে, যেটা যুদ্ধ করে পাল্টানো যায় না। সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু দেশকে চেনা যায়, দেশের প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়। সেই কাজটা আপনারা করুন।
“ওই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সঙ্গে প্রতিযোগিতায় নাইমেন না।”
জাসাস আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, জাবেদ আহমেদ কিসলু, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহেদুল আলম হিটু, ফেরদৌস ফকির বক্তব্য রাখেন।
আরও পড়ুন
