সরকারি হাসপাতাল ‘এনজিওকে’ দেওয়া হবে আত্মঘাতী: ওয়ার্কার্স পার্টি
সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা বেসরকারি সংস্থার (এনজিও) হাতে ছেড়ে দেওয়া হলে তা ‘আত্মঘাতী’ হবে বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
দলটির পলিটব্যুরোর সভায় রোববার এই মত প্রকাশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক এই দলটির পলিটব্যুরো মনে করছে, “সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা এনজিওদের হাতে ন্যস্ত করার সরকারি প্রস্তাব আত্মঘাতী ও ষড়যন্ত্রমূলক” এবং আমলাতন্ত্র “কায়েমী স্বার্থ বাস্তবায়নের সুদূরপ্রসারী লক্ষ্যে এই চক্রান্ত” সাজিয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এই মত প্রকাশ করা হয়।
সভায় বলা হয়, “স্বাস্থসেবার মানোন্নয়নের ধুয়া তুলে সরকারের এই তুঘলকি সিদ্ধান্ত অবৈজ্ঞানিক ও জনগণকে বোকা বানাবার শামিল। করোনা মহামারী আমাদের স্বাস্থ্য খাতের দুরবস্থা, অব্যবস্থাপনা, দুর্নীতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে।
গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল স্বাক্ষরিত এক চিঠির বরাতে কয়েকটি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, “স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে পাইলট প্রকল্প আকারে কতিপয় সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা যথাপদ্ধতিতে সক্ষম ও অভিজ্ঞ বেসরকারি সংস্থার (এনজিও) কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করবে।”
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় করোনাভাইরাস মহামারী পরিস্থিতি, ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ ও সরকারি হাসপাতাল ‘এনজিওদের কাছে তুলে দেওয়া’ বিষয়ে আলোচনার পর পলিটব্যুরোর সদস্যরা প্রস্তাব গ্রহণ করেন।
সভার প্রস্তাবে, মোটরচালিত রিকশা তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়, “করোনা প্রতিরোধে স্বাস্থবিধি প্রতিপালনে কর্মের উৎসগুলো বন্ধ হয়ে পড়ায় এবং বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় মানুষগুলো জীবিকার তাগিদে রিকশার প্যাডেলে পা দিয়েছে। এই মানুষগুলোর জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে নির্দয়ভাবে তাদের জীবিকার সম্বল রিকশা গুঁড়িয়ে দেওয়া নির্দয় ও অমানবিক মানসিকতার বহিঃপ্রকাশ।”
দেশে করোনাভাইরাসের সংক্রমণ মৃত্যুর সংখ্যা বাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সভার অপর প্রস্তাবে বলা হয়, “সংক্রমণের বিস্তৃতি গ্রাম পর্যায়ে ছড়িয়েছে। জেলার হাসপাতালে সঙ্কুলান না হওয়ায় করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসায় বিঘ্ন ঘটছে। রোগীরা অক্সিজেনের অভাব বোধ করছে।
“এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে ১৮ বছরের ঊর্ধ্বে বয়সসীমার জনগণের সকল অংশকে দ্রুত টিকা দান করতে হবে। করোনা সংক্রমণ রোধে এই মুহূর্তে ভ্যাকসিনই হচ্ছে প্রধান বিকল্প। দ্রুত সময়ের মধ্যে জনগণের টিকা পাওয়ার সম্ভাবনা হতাশায় পরিণত হচ্ছে।”
যে কোনোভাবে পর্যাপ্ত টিকা সংগ্রহ করে তা দেশের বেশিরভাগ মানুষকে তা দেওয়ার বিষয়ে সরকারকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানানো হয় সভা থেকে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরূল আহসান সভায় আলোচনায় অংশ নেন।
