অনুপ্রবেশকারীদের কমিটি থেকে বের করে দেওয়া হবে: হাছান
যেসব ‘সুযোগ সন্ধানী পরিচয় গোপন করে’ আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ঢুকেছেন তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শনিবারের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে বলে রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে হাছান বলেন, “আওয়ামী লীগ প্রায় ১২ বছর ধরে ক্ষমতায়, বাংলাদেশে বহু সুযোগ সন্ধানী থাকে, অনেক সুযোগ সন্ধানী পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়ার চেষ্টা করেছে, কেউ কেউ সফলও হয়েছে।
“সেগুলো বাছাই করে বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে তাদের বের করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, কালকেও এই বিষয়গুলো আলোচিত হয়েছে।… অনুপ্রবেশকারীদের আর কোনো জায়গা আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনে হবে না।”
হাছান বলেন, “করোনার মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা হয়েছে। সংগঠনকে গতিশীল করার জন্য এবং যেসব জায়গায় সম্মেলন হয়েছে সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করার জন্য এবং যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি সেখানে সম্মেলন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“সাংগঠনিক সম্পাদক এবং দলীয় সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডিয়াম মেম্বারদেরকেও বিভাগীয় পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে।”
কত দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো করতে দলের সভাপতি নির্দেশ দিয়েছেন, সেই প্রশ্নে হাছান বলেন, কমিটি ‘সহসা’ করতে হবে। দেশে ইউপি, পৌরসভা নির্বাচন হবে, তার আগে ‘যতটুকু সম্ভব’ করতে হবে। নির্বাচনের সময় সেগুলো করা যাবে না। নির্বাচনের তফসিল ঘোষণার আগিই যতটুকু সম্ভব করতে হবে।
হাছানের ভাষ্য, করোনাভাইরাস মহামারীতে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, দুর্যোগ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবেন, শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন।
“করোনার মধ্যে আওয়ামী লীগের সাড়ে পাঁচশ নেতাকর্মী মারা গেছেন এবং হাজার হাজার আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন, মন্ত্রিসভার সদস্য মারা গেছেন। অন্য কোনো দলের ক্ষেত্রে এটি হয়নি, কারণ আওয়ামী লীগ যেভাবে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য শেখ হাসিনার নির্দেশনায় ঝাঁপিয়ে পড়েছিল, অন্য কোনো দল সেভাবে ঝাঁপিয়ে পড়েনি।”
তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সোয়া এক কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
সরকারের বিরুদ্ধে যেসব অনলাইন নিউজ পোর্টালে সমালোচনা করা হয়, সেগুলোকে ‘নিবন্ধন না দেওয়ার’ কোনো সিদ্ধান্ত হয়নি বলে আরেক প্রশ্নে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে আলোচনা-সমালোচনা থাকবেই, সরকারের সমালোচনা করলে নিবন্ধন পাবে না, এটা নয়।
“দায়িত্বে থাকলে সমালোচনা হবে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা অপরাধ নয়। অনলাইন গণমাধ্যম নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তিনটি সংস্থা যাচাই-বাছাই করছে। তিনটি সংস্থা থেকে যখন অনপত্তি পাচ্ছি শুধুমাত্র নিবন্ধনের জন্য ছাড়পত্র দিচ্ছি।”
‘গয়েশ্বর কোন অবস্থায় বলেছেন?’
আওয়ামী লীগ আগে ‘গণতন্ত্রকে ধ্বংস করেছে’ এখন ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়’ বলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে একজন সাংবাদিক তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে হাছান বলেন, “জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, সেগুলো এখন দিবালোকের মত স্পষ্ট হয়ে যাচ্ছে।
“সাম্প্রতিক সময়ে ক্যাপ্টেন মাজেদ তার ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা সম্পর্কে স্পষ্ট করে বলেছেন। আরও অনেক দলিল দস্তাবেজ প্রমাণ করছে জিয়াউর রহমান কীভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যুক্ত ছিল।”
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধার ছদ্মাররণে প্রকৃতপক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করছিল সেগুলোর তথ্য-উপাত্ত বেরিয়ে আসছে। এগুলো যখন পত্রপত্রিকায় ছাপানো হচ্ছে, যখন এগুলো জনগণের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য আকারে গণমাধ্যম উপস্থাপন করছে, তখন তাদের গাত্রদাহ হচ্ছে। এজন্য তারা বিএনপি অফিসের সামনে জিয়াউর রহমানের অপকর্ম ঢাকার জন্য মানববন্ধন করে।”
হাছানের ভাষ্য, বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হচ্ছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বাংলাদেশে ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে’ বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পর, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর মুক্তিযুদ্ধের ‘সমস্ত চেতনাকে ধ্বংস করার চেষ্টা’ করেছে।
“যে চেতনার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই চেতনাকে জিয়াউর রহমান ধ্বংস করেছেন। মুক্তিযুদ্ধের স্বীকৃত যারা বিরুদ্ধাচারী তাদেরকে তিনি ক্ষমতায় বসিয়েছেন। শাহ আজিজুর রহমান, যাকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, দেশে যখন মুক্তিযুদ্ধ ও গণহত্যা চলছিল তখন পাকিস্তানের প্রতিনিধি দলের ডেপুটি লিডার হয়ে তিনি জাতিসংঘে গিয়ে বলেছিলেন, দেশে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না, কোনো গণহত্যা হচ্ছে না।”
হাছান বলেন, মুক্তিযুদ্ধের পর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ ছিল, সেটি চালু করেন জিয়াউর রহমান। খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছেন, তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন।
“গয়েশ্বর রায়ের বক্তব্য তিনি কোন অবস্থায় বলেছেন সেটি হচ্ছে একটি প্রশ্ন। তিনি কি স্বাভাবিক অবস্থায় বলেছেন? নাকি অস্বাভাবিক অবস্থায় বলেছেন- সেটিই হচ্ছে একটি বড় প্রশ্ন।”
‘আরও পর্যালোচনা করে’ সিনেমা হল খোলার সিদ্ধান্ত
চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে রোববার এই সভার শুরুতে তথ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সপ্তাহের মধ্যে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
“আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, করোনা পরিস্থিতি তো যায়নি, এখনও প্রতিদিন ত্রিশের কাছাকাছি মৃত্যু হচ্ছে, যদিও আগের স্বাভাবিক অবস্থার মত গণপরিবহন থেকে অফিস-আদালত চালু হয়েছে। এ বিষয়গুলো আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।
“তবে অনির্দিষ্টকালের জন্য তো সিনেমা হল বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে, আসন সংখ্যা পুনর্বিন্যাস করে চালু করা যায় কি না, আমরা এ সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে পরিস্থিতি পর্যালোচনা করে কত তারিখ থেকে খোলা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করব।”
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ সিনেমা হল চালু, সংস্কার ও নতুন সিনেমা হল তৈরিতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী কয়েক বছর পর সিনেমা শিল্পে একটা বিরাট পরিবর্তন আসবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু, চালু হলগুলো সংস্কার ও আধুনিকায়ন করাসহ অনেক নতুন সিনেমা হল গড়ে উঠবে।”
