সাহারা খাতুনকে সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করেছে তার পরিবার ও চিকিৎসকরা।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন উনার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছে।”
দেশের বাইরে নেওয়ার বিষয়ে কতটুকু অগ্রসর হয়েছেন- জানতে চাইলে মজিবর বলেন, “ডাক্তাররা বলার পরে আমরা কথা বলেছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস স্যার বিষয়টি দেখছেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ খবর রাখছেন। আমরা সিঙ্গাপুরে নেওয়ার কথাই ভাবছি।”
সাহারা খাতুনের পরবর্তী চিকিৎসার জন্য বুধবার একটি মেডিকেল বোর্ড বসেছিল বলেও জানান মুজিবর।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ডা. সেগুফা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাহারা খাতুনকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন চিকিৎসকরা।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে গত শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তবে এরপর অবস্থার কিছুটা উন্নতি ঘটে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছেন।
২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।
