২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির অনেক প্রতিবেদনই একপেশে: তথ্যমন্ত্রী

টিআইবির অনেক প্রতিবেদনই একপেশে ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 09:21 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন্তব্য করেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষণাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করলেও অনিয়ম ও দুর্নীতি কার্যকরভাবে রোধ করতে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সংস্থার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারীর অভূতপূর্ব সংকটে স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় ও ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোকে ‘নামমাত্র।’

টিআইবির প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “তাদের সবগুলো না হলেও অনেক রিপোর্টই একপেশে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন, “টিআইবির কাজ শুধু দোষ খুঁজে বেড়ানো ও গত সাড়ে ১১ বছর আমাদের দেশ পরিচলনার কোনো কাজে টিআইবি প্রশংসা করতে পারেনি।

“এই টিআইবি বড় গলায় বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। যখন কানাডার আদালতেও বিশ্ব ব্যাংক হেরে গেল, টিআইবির তখন জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল। এমন বহুক্ষেত্রে টিআইবি প্রমাণ করেছে, তারা প্রকৃতপক্ষে সঠিক গবেষণাপ্রসূত কোনো রিপোর্ট পেশ করে না।”

টিআইবির উদ্দেশে মন্ত্রী বলেন, “তাদেরকে অনুরোধ জানাবো যেন তারা তাদের প্রধান কার্যালয় জার্মানি এবং ইউরোপের অন্যান্য যেসমস্ত দেশ থেকে অর্থ পায়, সেখানকার পরিস্থিতির সাথে বাংলাদেশের তুলনা করে। তাহলেই সেখানকার তুলনায় বাংলাদেশের পরিস্থিতি তারা বুঝতে পারবে।”