সভানেত্রীর কারামুক্তি দিবসে আওয়ামী লীগের দোয়া ও মিলাদ
দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতারা দোয়া ও মিলাদে অংশ নেন।
সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় ১১ মাস বন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।
অন্যবার নানা কর্মসূচিতে দিনটি পালন করা হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে জনসমাগম না ঘটিয়ে শুধু দোয়া ও মিলাদ করে দলটি।
এছাড়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ আয়োজন করে।
দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দোয়া শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “উচ্চভিলাষী সেনা কর্মকর্তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রতিহত করার জন্যই ১/১১ ঘটিয়েছে। কিন্তু বাংলার লাখো মানুষের তীব্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিয়েছিল। আজকের এই দিনে আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এদিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। কারণ তিনি সারাজীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
“২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বন্দি করা হয়েছিল, সেদিন শুধু তাকেই নয়, গণতন্ত্রকেও বন্দি করা হয়েছিল।”
দোয়া মাহফিলে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবউদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।
