ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদের পাশে দেখে ‘বিব্রত’ বিপ্লবী ছাত্র মৈত্রী
দিদারুল ভূইয়াসহ সম্প্রতি গ্রেপ্তার কয়েকজনের মুক্তির দাবিতে রাষ্ট্রচিন্তার মানববন্ধন কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে অংশগ্রহণকে নিজেদের জন্য ‘বিব্রতকর’ বলেছে বিপ্লবী ছাত্র মৈত্রী।
রোববার সকালের ওই কর্মসূচির পর সন্ধ্যায় এক বিবৃতিতে ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর বলেন, “আমরা স্পষ্টতই মনে করি কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তা বা শক্তিকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হতে পারে না।”
তবে কর্মসূচির আয়োজক রাষ্ট্রচিন্তার সংগঠকরা বলছেন, কেউ কর্মসূচিতে অংশ নিতে এলে তাদের বারণ করা শোভনীয় নয়।
রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুলসহ কয়েকজনের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের দেখা গিয়েছিল।
বাম ছাত্র সংগঠনটির সভাপতি ইকবাল বলেন, “ওই মানববন্ধনে আমাদের সংগঠনের পক্ষ থেকে দেওয়া সংহতি বিব্রতকর। এটা বিপ্লবী ছাত্র মৈত্রী’র আদের্শের সাথে সংঘর্ষিক। পূর্বে এবং এখন পর্যন্ত আমরা কখনও কোনো সম্প্রাদায়িক, ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির সাথে আন্দোলন করিনি।”
এই ঘটনায় সংগঠনের সদস্য ও দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ধরনের অসচেতনতাবশত ভুলের জন্য বিপ্লবী ছাত্র মৈত্রীর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দেশেবাসীর কাছে সংগঠনের সভাপতি হিসেবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তীতে এই ধরনের ভুল না করা অঙ্গীকার করছি।”
এ বিষয়ে রাষ্ট্রচিন্তার প্রধান সংগঠক হাসনাত কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বামপন্থি সংগঠনকে আমরা সব সময় বন্ধুই মনে করি। তবে যুদ্ধাপরাধী ও পাচারকারী ছাড়া কোনো সংগঠনের সাথে আমাদের শত্রুতা নেই। কোনো সংগঠনের সাথে আমাদের কোনো ধরনের বিদ্বেষ বা পক্ষপাতিত্বও নেই।
“মানববন্ধনে যারা যারা দাঁড়িয়ে পড়েন, তাদের কাউকে তো আমরা না করতে পারি না। কাউকে আমরা বিব্রত করতে চাই না।”
রাষ্ট্রচিন্তার মানববন্ধনে ডাকসু ভিপি নুরুল হক নুর, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ, মৌলিক বাংলার শশ্মান ঠাকুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
