নির্বাচনের বার্ষিকীতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আওয়ামী লীগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে 'গণতন্ত্রের বিজয়' দিবস পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার বিকালে ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “কেন্দ্রীয়ভাবে সোমবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।”
এছাড়া বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৪৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সকালে ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। সেই সঙ্গে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি।
