‘ফুল টাইম’ রাজনীতিকের খোঁজে রিজভী
বাংলাদেশে ‘ফুল টাইম’ রাজনীতিবিদের সংখ্যা কমছে বলে মনে করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “রাষ্ট্র-সমাজে পার্ট টাইম রাজনীতিবিদ, পার্ট টাইম ধান্ধাবাজের সংখ্যা বাড়ছে। আর ফুল টাইম রাজনীতিবিদ, ফুলটাইম ভালো মানুষ-এই সংখ্যা কমছে।”
সাবেক শিক্ষামন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের স্মরণে আয়োজিত ওই অনুষ্ঠানে রিজভী বলেন, “ইউনুস খান ছিলেন একজন ফুল টাইম রাজনীতিবিদ, একজন ভালো মানুষ।
“তাদের মতো মানুষ ছিল বলেই স্বৈরাচার এরশাদ বিএনপিকে ধ্বংস করতে পারেনি। নয় বছর শেখ হাসিনার মতো দমন-পীড়ন এরশাদও কম করেনি। আবার এরশাদ-হাসিনা একত্রিত হয়ে বিএনপির ওপর কম অত্যাচার-নির্যাতন করেনি।”
সরকার ‘নিপীড়ন-নির্যাতন’ করেও বিএনপির ‘একটি ডালপালাও ভাঙতে পারেনি’ বলে দাবি করে তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তির গাছটি এখনও মজবুত আছে।”
ঢাকাস্থ বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ইউনুস খানের স্মরণে এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম খান মাসুদ। সদস্য সচিব আরিফুর রহমান মোল্লার পরিচালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা হায়দার আকবর লেলিন।
