খালেদার বিষয়ে চিকিৎসকদের বক্তব্য নিয়ে প্রশ্ন বিএনপির
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে বিএসএমএমইউর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নেত্রীর অবস্থা শঙ্কাজনক হলেও বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক সরকারের ‘শেখানো’ কথা বলেছেন।
কারাবন্দি খালেদার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে বলে বিএনপি দাবি করে আসার মধ্যে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে।
দেড় বছর আগে দুর্নীতির মামলায় দণ্ডের পর পুরনো ঢাকার কারাগারে থাকা খালেদাকে গত এপ্রিলে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আনা হয়, তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি।
সম্প্রতি বিএনপির সংসদ সদস্যরা হাসপাতালে গিয়ে দেখে আসার পর বলেছিলেন, খালেদা চরম অসুস্থ, বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হচ্ছে না। জামিন পেলে বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন তাদের নেত্রী।
তার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, দলীয় নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করতে চাইছে বিএনপি।
পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, সার্বিকভাবে বিএনপি চেয়ারপারসনের অবস্থা স্থিতিশীল, কোনো কোনো ক্ষেত্রে বেশ উন্নতিও হয়েছে।
এই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “(বিএসএমএমইউ) পরিচালক সরকারের শেখানো কথাই বলেছেন। প্রধানমন্ত্রীর মনোভাবই প্রতিফলিত হয়েছে পরিচালকের বক্তব্যে। তার বক্তব্যে এটি সুস্পষ্ট যে, ৭৫ বয়সী ভয়ানক অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে কারাবন্দি রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করার মহাআয়োজন চলছে।
“শেখ হাসিনার মতোই পরিচালকের বক্তব্যও অযাচিত, অগ্রহণযোগ্য, অসৌজন্যমূলক, পূর্ব পরিকল্পিত, বিভ্রান্তি সৃষ্টি ও কুৎসামূলক। একজন পরিচালক এভাবে কথা বলতে পারেন না। ব্যক্তিগত চিকিসকরাও কয়েকদিন আগে গিয়ে তার (খালেদা) সাথে দেখা করছেন, কখনও তারা তাকে ভালো দেখেননি।”
খালেদার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিঞা সরকারের দেওয়া বক্তব্যের সঙ্গে বিএসএমএমইউ পরিচালকের বক্তব্যের ফারাক তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ পরিচালকসহ চিকিৎসকরা
“অথচ পরিচালক সাহেব বলেছেন যে, বেগম খালেদা জিয়ার সাথে বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করেও দেখা পাওয়া যায় না। প্রায় সময় ডাক্তাররা কেবিনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ পান না। অধ্যাপক জিলন মিঞা সরকারের বক্তব্যের সাথে পরিচালকের এই বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ।”
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালকের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “আমরা দেখলাম পরিচালক সাহেব যে কথাগুলো বললেন, সেই কথাগুলো প্রায়ই প্রধানমন্ত্রী, তার মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ব্যঙ্গ বিদ্রুপ করে বলেন তার (খালেদা জিয়া) অসুস্থতা নিয়ে। আজকে পরিচালক প্রকারান্তরে সেই ব্যঙ্গ বিদ্রুপের প্রতিফলন ঘটালেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সুচিকিৎসার অভাবে হাসপাতালে খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হক নান্নু, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, সেলিম রেজা হাবিব, আবদুল কুদ্দস আখন, গাজী কামরুল ইসলাম সজল, ডা. জাহেদুল কবির, মনিরুজ্জামান মনির, শেখ আবদুল হালিম খোকন, আহসান উদ্দিন খান শিপন।
খন্দকার মোশাররফের হুঁশিয়ারি
বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “তাকে জামিন দেওয়া হোক এবং জামিন দেওয়া হলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পছন্দমতো উন্নত চিকিৎসা নিতে পারবেন। তাই অনবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।
“আর যদি এই সুযোগ দেওয়া না হয়, পিজি হাসপাতালে বা কারাগারে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো রকমের ক্ষতি হয়, তার জন্য কিন্তু এই সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে, জনগণের কাছে একদিন তাদের জবাব দিতে হবে।”
সরকারকে হুঁশিয়ার করে বিএনপি নেতা আরও বলেন, “এই আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল এনেছিল, বেশিদিন টিকে নাই। তাদেরকে এই বাকশালের খেসারত দিতে গিয়ে ২১ বছর রাজনীতির এতিম হিসেবে রাস্তায় তাদের ঘুরতে হয়েছে।
“এবারও আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, বর্তমান অলিখিত বাকশাল আপনারা পরিচালিত করছেন। এবার যখন আপনাদের বিদায় হবে ২১ বছর কেন, তিন-একুশ বছর আপনাদেরকে রাস্তায় রাজনৈতিক এতিম হিসেবে ঘুরতে হবে।”
সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান ‘লোক দেখানো’ বলেও দাবি করেন খন্দকার মোশাররফ। এই অভিযানে শুধু ‘চুনোপুঁটি’ নয়, ‘রাঘব-বোয়াল’দেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামান্য দূরত্বে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার বয়সের বিবেচনায়, তার অসুস্থতার বিবেচনায় যে কোনো সময়ে জামিন দেওয়া যেতে পারে।
“কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই জামিন বন্ধ করে রাখা হয়েছে। যাতে তিনি (খালেদা জিয়া) কারাগারে মৃত্যুবরণ করেন, যাতে তিনি মুক্ত হয়ে আর দেশে রাজনীতি না করতে পারেন।”
’৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যে’র উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন হয়।
ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের পরিচালনায় মানববন্ধনে সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, হাবিবুল ইসলাম হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
