গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে অশুভ শক্তি মাঠে: নাসিম
গ্যাসের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের জন্য মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, “এই সরকার জনবান্ধব সরকার। আজকে অনেকের মনে প্রশ্ন এসেছে যে, বাজেট পাস হয়ে গেল তারপরও কেন আকস্মিকভাবে গ্যাসের দাম বাড়ানো হলো। এই সুযোগে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের জন্য মাঠে নেমে গেছে।
“যাদের আমলে বারবার গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। যারা জনগণের কথা চিন্তা না করে বিদেশে গ্যাস বিক্রি করতে চেয়েছিল। সেই বিএনপি'র মুখে এসব কথা মানায় না, যারা জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গ্যাস বিক্রি করতে চেয়েছিল।”
সন্ত্রাস, মাদক ও বিএনপি-জামায়াত জোটের চক্রান্তের বিরুদ্ধে ১৯ জুলাই দিনাজপুরে জনসভা করবে ১৪ দল। পরদিন কুড়িগ্রামে জনসভা হবে বলে ১৪ দলের মুখপাত্র জানান।
সাম্যবাদী দলের সভাপতি কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ১৪ দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
