সংস্কারপন্থি জামায়াত নেতাদের নজরে রাখতে হবে: নাসিম
জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক মঞ্চকে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
রোববার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জোটের এক দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন দল গঠনের উদ্যোগে শনিবার ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।
তাদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নাসিম বলেন, “তাদের নতুন যে মঞ্চ গঠিত হয়েছে সেটা আমরা দেখেছি।
”এই নতুন মঞ্চের নেতৃত্বে শিবিরের প্রাক্তন নেতারা। শিবিরের ইতিহাস খারাপ ইতিহাস, ঘৃণ্য-জঘন্য ইতিহাস।”
আইন-শৃঙ্খলা বাহিনীকে নতুন এই মঞ্চ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “আমরা ১৪ দলের পক্ষ থেকে বলতে চাই, দেশের সকল মানুষকে এদের এই মঞ্চ থেকে সতর্ক থাকতে হবে।
“আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে বলব, আপনারা এদের নজরে রাখুন, সতর্ক থাকুন। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিএনপির একজন সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেওয়ায় বিষয়ে নাসিম বলেন, “রাজনৈতিক দল হিসেবে কতটা ব্যর্থ হলে নিজেদের দেওয়া মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচনের পর দলের সিদ্ধান্তের বাইরে যায়। আসলে বিএনপি যে একটা ব্যর্থ রাজনৈতিক দল, সেটা আবারও প্রমাণিত হয়েছে।”
বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতার প্রতিবাদে ১৪ দল শান্তি সমাবেশের ডাক দিয়েছে বলে জানান তিনি। আগামী ৩০ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের এই সমাবেশ হবে।
নাসিমের সভাপতিত্বে ১৪ দলের এই বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ জোটের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
