প্রধানমন্ত্রীর কোন গৃহকর্মীর কত বেতন, আমরা কি বলেছি: রিজভী
খালেদা জিয়ার সঙ্গে কারাবাসকারী তার গৃহকর্মী ফাতেমা বেগমকে নিয়ে সংবাদ প্রকাশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, তারা তো তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহকর্মীদের বেতন নিয়ে কোনো কথা বলেননি।
ফাতেমার সব পাওনা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে হাঁটা-চলা করতে অসুবিধা হয়। তার এক সাহায্যকারী দরকার হয়। সেই বিবেচনায় আদালতের নির্দেশে ফাতেমা দেশনেত্রীর সঙ্গে আছেন।
“এটাও এখন হিংসুটে সরকারের সহ্য হচ্ছে না। তারা নিজেদের প্রপাগান্ডা মিডিয়ায় এই নিয়ে গল্প তৈরি করছে এবং সরকারি হুমকির মুখে নানাজনকে নানা কথা বলতে বাধ্য করছে।”
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ড হওয়ার পর গত বছর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। অসুস্থ খালেদাকে দেখভালের জন্য দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমাও তার সঙ্গে কারাগারে আছেন।
এক বছরের বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে আছেন তার গৃহকর্মী ফাতেমা, গত ১ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলেও খালেদার পাশে দেখা যায় তাকে
ফাতেমা কারাগারে যাওয়ার পর এই এক বছরের বেশি সময় ধরে তার পরিবারকে টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ফাতেমার বাবা। টাকার অভাবে ফাতেমার দুই সন্তান এখন স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে।
ওই অভিযোগ মিথ্যা দাবি করে রুহুল কবির রিজভী বলেন, “আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, ফাতেমার মা বলেছেন যে, তিনি মাসে মাসে টাকা পান এবং সেই টাকা তিনি নিজেই নিয়ে আসেন। অথচ ফাতেমাকে নিয়ে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।”
একাত্তর টিভির প্রতিবেদন নিয়ে ক্ষোভের সঙ্গে রিজভী বলেন, “আমরা খোঁজ-খবর নিয়ে জেনেছি, ফাতেমার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে। ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঈদসহ অন্যান্য উৎসবগুলোতে বোনাস তার পরিবারকে দেওয়া হয়।
“আপনি দেখুন দেশে এত মিডিয়া আছে, এত সাংবাদিক আছেন- সব তো আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগ সমর্থক হতে পারেন না। এই সমাজেরই অংশ হচ্ছেন গণমাধ্যমের এই সাংবাদিকরা, তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। তারপরেও তারা অসত্য সংবাদ প্রচার করেন না। আত্মা বিক্রি করা কিছু সাংবাদিক কিছু সুবিধা নেওয়ার জন্য।
“কী পাবেন? একটা প্লট পাবেন অথবা একটা ফ্ল্যাট পাবেন, এর জন্য নিজেদের এতদিনের যে বিবেক, তা বিক্রি করে দিতে তারা দ্বিধা করছেন না।”
রুহুল কবির রিজভী বলেন, “অত্যন্ত বিশ্বস্ত এই গৃহকর্মী ফাতেমা। সে নিজে কষ্ট করেও দেশনেত্রীকে সেবা দিচ্ছে। অথচ এটাকে নিয়ে কত নিম্নরুচির হতে পারে অল্প দুই-একটি মিডিয়া, সভ্য সুরুচি সম্পন্ন মানুষরা এসব বলবেন না।
“এখন প্রধানমন্ত্রীর বাড়িতে কে বেতন পান, না পান, কোন গৃহকর্মী কী পান-এটা কি আমরা কোনো দিন আপনাদের কাছে বলেছি?”
“আমরা সর্তক করে দিতে চাই, এই দলদাস মিথ্যাচারবাদী মিডিয়াগুলোকে তারা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে মিথ্যা গল্প রচনা বন্ধ করে।”
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, “সরকারকে বলব, গুরুতর অসুস্থ দেশনেত্রীকে মুক্তি দিন। প্যারোলের কথা বলে কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না, কারণ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
“নির্দোষ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণই রাজপথে নেমে এসে তার মুক্তি আদায় করে নেবে। আর সেদিন এই অবৈধ সরকারের পালানোর পথ থাকবে না।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন, আবদুল খালেক, রফিক হাওলাদার, নাদিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
