২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতেমাকে নিয়ে খবর প্রকাশে রিজভীর ক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে থাকা তার গৃহকর্মী ফাতেমা বেগমকে নিয়ে খবর প্রকাশে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 09:09 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তাকে নিয়ে ‘নোংরামি করছে’ সরকারপক্ষের গণমাধ্যম।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ড হওয়ার পর গত বছর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। অসুস্থ খালেদাকে দেখভালের জন্য দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমাও তার সঙ্গে ওই কারাগারে আছেন।  

চিকিৎসার জন্য গত ১ এপ্রিল খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হলে তার সঙ্গে ফাতেমাকেও দেখা যায়।

এর মধ্যে ফাতেমাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে একাত্তর টিভি, যেখানে ফাতেমার বাবা রফিকুল ইসলামের সাক্ষাৎকার রয়েছে।

Image
এক বছরের বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে আছেন তার গৃহকর্মী ফাতেমা, গত ১ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলেও খালেদার পাশে দেখা যায় তাকে

এক বছরের বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে আছেন তার গৃহকর্মী ফাতেমা, গত ১ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলেও খালেদার পাশে দেখা যায় তাকে

ফাতেমা কারাগারে ঢোকার পর খালেদা জিয়ার পক্ষ থেকে তার পরিবার কোনো টাকা পাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে ওই প্রতিবেদনে। টাকার অভাবে ফাতেমার দুই সন্তান এখন স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে।

এই প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “আজকে বিপুল জনপ্রিয় নেত্রী অসুস্থ। হাসপাতালে আনার পরে সরকারি ডাক্তাররা বলছেন, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। তার হাঁটুতে অস্ত্রোপচার, তার চোখে অস্ত্রোপচার, তার সামনে লোক থাকা দরকার। ফাতেমা নামে একটি মেয়ে তার সাথে থাকেন, তিনি বাইরের সেলে থাকেন।

“তাকে (ফাতেমা) নিয়ে সরকারের পক্ষের গণমাধ্যম এত নোংরামি করতে পারে! আজকে সূবর্ণচরে মা ধর্ষিত হয়েছে, তার বাবার সাক্ষাৎকার সেই গণমাধ্যমে নেওয়া হয় না কেন, আজকে কবিরহাটে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে তার বাবার সাক্ষাৎকার তো আমরা দেখি না এই সমস্ত গণমাধ্যমে।

“আজকে ম্যাডামকে সাহায্য-সহযোগিতা করে, কত পরিকল্পনার করে, ফাতেমার বাবাকে নিয়ে এসে সাক্ষাৎকার নিচ্ছে!”

রুহুল কবির রিজভী একথা বললেও একাত্তর টিভির ওই প্রতিবেদনে বলা হয়, ভোলায় ফাতেমার বাবার সংসারে থাকা তার দুই শিশু সন্তান এই এক বছরের বেশি সময় তাদের মায়ের দেখা পায়নি। আর ফাতেমার বেতনের টাকা না যাওয়ায় এই সময়ে সংসার চালাতে তাদের দেনা হয়েছে এক লাখ টাকার বেশি।

১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে এলাকার এক পরিচিতজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহকর্মীর কাজ নেন ফাতেমা। সে সময় তার বেতন ধরা হয়েছিল দুই হাজার টাকা, যা বেড়ে পরে হয়েছে পাঁচ হাজার টাকা।

“ওহন হ্যাগো কাছে ফোন দিলেও ফোন ধরে না আমার। অভাব দেখে আইজকে আপনার বাসায় কাজ করে। অভাব না থাকলি তো আপনার বাসায় যাইত না,” বলেন ফাতেমার বাবা।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, ফাতেমার সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে জানিয়েছেন।

ওই অনুষ্ঠানেই রিজভীর বক্তব্য ধরে তিনি বলেন, “রিজভী আমার ছোট ভাই, সে গুছিয়ে বলেছেন আপনাদের। একটা টিভি চ্যানেলে ম্যাডামের সঙ্গে যে মেয়েটি থাকে স্বেচ্ছায় কারাবরণ করে, তার বাবাকে দিয়ে একটা সাক্ষাৎকার প্রচার করেছে। ওই চ্যানেলটিকে আমরা চিনি। তাদের প্রতিদিনের খবর দেখেন, অনুষ্ঠান দেখেন তাহলেই বুঝবেন যে, তারা কার জন্য কাজ করে। এই কাজটা তাদের জন্যই করেছে।

“আমি সাথে সাথে আমাদের দলের মহাসচিবকে জিজ্ঞাসা করেছিলাম যে, ব্যাপার শুনা গেল এটা কী? উনি (মহাসচিব) বললেন যে, শতকরা ১০০ ভাগ মিথ্যা একটা রিপোর্ট প্রচার করা হয়েছে সম্ভবত গরিব মানুষটাকে কোনোভাবে ম্যানেজ করে তারা নিয়েছে। মাত্র কয়েক দিন আগে তাকে টাকা দিয়েছিলাম। যা প্রাপ্য ছিলর তার চেয়ে অগ্রিম দেওয়া হয়েছে। নিজে দিয়েছেন উনি বললেন।”

দেশে এত সমস্যা থাকতে এই বিষয়ে খবর প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তুলে এই বিএনপি নেতা বলেন, “বিশাল একটা চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ এটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা চেষ্টা তো আছেই।”