উপজেলা ভোট: আরও ৭ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ
উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রভাব খাটানোর অভিযোগে ক্ষমতাসীন দলের আরও সাতজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছে ইসি।
উপজেলা পরিষদ নির্বাচন শুরুর পর চার ধাপে এ নিয়ে অন্তত ২১ জন সাংসদকে সতর্ক করা হল।
রোববার চতুর্থ ধাপের অন্তত ১১২ উপজেলায় ভোটগ্রহণ হবে।
তার আগে বুধবারের মধ্যে টাঙ্গাইল-৪, ৫, ৮, বাগেরহাট-৪, খুলনার-৬, ময়মনসিংহ-১১ ও যশোর-২ এর সংসদ সদস্যকে নিজ এলাকা ছাড়তে তাদের চিঠি পাঠানো হয়েছে বলে জানান ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান।
এ কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট সাংসদরা নিজ নির্বাচনী এলাকার উপজেলা ভোটে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। তাই তাদেরকে যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার জন্যে বলা হয়েছে।
ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় টাঙ্গাইল-৮ এর মো. জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ এর মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ এর মোহাম্মদ হাছান ইমাম খান, খুলনা-৬ এর মো. আক্তারুজ্জামান, বাগেরহাট-৪ এর মো. মোজাম্মেল হোসেন, ময়মনসিংহ-১১ এর কাজিম উদ্দিন আহম্মেদ ও যশোর-২ এর মো. নাসির উদ্দিনকে।
আরও যাদের সতর্ক করা হয়
নড়াইল-১ আসনের বি এম কবিরুল হক মুক্তি, কিশোরগঞ্জ-৫ আসনের মো. আফজাল হোসেন, রাজবাড়ী-২ আসনের মো. জিল্লুল হাকিম, গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্ত, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল।
১০ মার্চ থেকে উপজেলা ভোট শুরু হয়। ইতোমধ্যে তিন ধাপ শেষ হয়েছে। ৩১ মার্চ চতুর্থ ধাপ ও ১৮ জুন পঞ্চম ধাপের ভোট হবে।
