২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে হার-জিত নিয়ে প্রধানমন্ত্রীর বিশ্লেষণ

গত এক দশকে বাংলাদেশের ‘অভাবনীয়’ অগ্রগতির কথা তুলে ধরে এ অর্জনের কৃতিত্ব দেশের মানুষকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2019, 10:14 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

একাদশ সংসদ নির্বাচনের অভাবনীয় ফলাফলের বিষয়ে নিজের একটি বিশ্লেষণও তিনি জাতির সামনে তুলে ধরেছেন।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, “আমাদের এই পথচলা মসৃণ ছিল না। শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। যার সুফল আজ জনগণ পাচ্ছেন। এ অর্জন শুধু সরকারের নয়, এ অর্জন দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের।” 

গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেখ হাসিনা; তার নেতৃত্বে চতুর্থবারের মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তার, শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক নানা সূচকে বাংলাদেশ গত দশ বছরে ‘ঈর্ষণীয় সাফল্য’ অর্জন করেছে।

“শুধু এশিয়ার দেশগুলোরই শীর্ষে নয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের অর্জন অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব নেতৃবৃন্দ তাই বাংলাদেশকে চেনেন ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে।”

এই উন্নয়নের কারণেই গত নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ‘খুবই প্রত্যাশিত ছিল’ বলে মন্তব্য করেন দলটির সভানেত্রী।

নির্বাচনের আগে দেশি-বিদেশি বিভিন্ন জরিপেও এর আভাস পাওয়া গিয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগের ‘ল্যান্ড স্লাইড’ বিজয়ের কয়েকটি ‘কারণ’ তিনি ভাষণে তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন,

# বিগত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ তার সুফল পেয়েছেন।

# দশ বছর আগে যে বালক/বালিকাটি হারিকেন বা কুপির আলোয় পড়া-লেখা করত, গ্রামে পাকা রাস্তা দেখেনি, তরুণ বয়সে সে এখন বৈদ্যুতিক বাতির আলোয় পড়াশোনা করছে, মোটরযানে যাতায়াত করছে।

# যে বয়স্ক পুরুষ-নারী পরিবারে ছিল অবহেলিত-অপাংক্তেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা তাকে সংসারে সম্মানের জায়গায় নিয়ে গেছে।

# গ্রাম বাংলার খুব কম পরিবারই আছে, যে পরিবার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নয়। কোন না কোনভাবে প্রতিটি পরিবার উপকৃত হচ্ছেন।

# কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান বা রিকশাচালকসহ নিম্নবিত্তের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ১০ বছর পূর্বে একজন কৃষি শ্রমিক তার দৈনিক মজুরি দিয়ে বড় জোর ৩ কেজি চাল কিনতে পারতেন। এখন তিনি ১০ কেজি চাল কিনতে পারেন।

# সরকারি চাকরিজীবীদের বেতনভাতা গত ১০ বছরে আড়াই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

# সরকারি ও বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাও সমহারে বেড়েছে। যেমন পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১৬০০ টাকা থেকে ৫ গুণ বৃদ্ধি পেয়ে ৮ হাজার টাকা হয়েছে।

# কৃষিজীবীদের সার, বীজসহ বিভিন্ন উপকরণে ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রণোদনা দেওয়া হচ্ছে।

# ব্যবসায় এবং শিল্প-বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে একদিকে কর্মসংস্থান তৈরি হয়েছে অন্যদিকে রপ্তানি বাণিজ্য প্রসারিত হয়েছে। যার সুবিধা সাধারণ জনগণ পাচ্ছে।

# পদ্মাসেতু, ঢাকা মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মহাসড়কগুলোকে চার-লেইনে উন্নীতকরণসহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের বর্তমান সরকারের উপর আস্থা জন্মেছে।

# স্বাধীনতার ৪৪ বছর পর নিম্নমধ্যম আয়ের দেশ এবং ৪৬ বছর পর উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি জনগণকে গর্বিত করেছে। ‘ভিক্ষুকের দেশের’ দুর্নাম ঘুচেছে। যারা মানুষকে মর্যাদার আসনে বসিয়েছেন, তাদের মানুষ মর্যাদা দেবে- এটাই স্বাভাবিক।

# বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৪ সালের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করে। প্রতিটি সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। এবারের নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মী মনোনীত প্রার্থীর জন্য কাজ করেছেন।

# আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি ছিল ‘ব্যাপক’। সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

# নির্বাচনী প্রচারের সময় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাবেক আমলা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্য, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, ধর্মীয় নেতা- সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। একটি সমাজের প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ যখন কোনো দলের প্রতি সমর্থন ব্যক্ত করে, তখন তাকে কোনভাবেই আটকে রাখা যায় না।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮টি। ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

অন্যদিকে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে, সব মিলিয়ে তারা পেয়েছে আটটি আসন।

কী কী কারণে বিএনপির এমন ভরাডুবি হয়ে থাকতে পারে, সে বিষয়ে নিজের ভাবনাগুলোও প্রধানমন্ত্রী তার ভাষণে তালিকা আকারে তুলে ধরেন।

তিনি বলেন, “পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ জোটের নির্বাচনী কৌশল সম্পর্কে আপনারা ভালভাবেই জানেন।… তাদের পরাজয়ের বহুবিধ কারণ রয়েছে “ 

# এক আসনে ৩-৪ জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন

# মনোনয়ন নিয়ে ‘ব্যাপক বাণিজ্যের’ অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন

# নির্বাচনে সংখ্যাগরিষ্ঠাতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন- সে বিষয়ে ‘অনিশ্চয়তা’

# নিজেরা জনগণের জন্য কী করবে, সে কথা তুলে ধরতে ‘ব্যর্থতা’।

# সোশাল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে ‘বিষোদ্গার’ ।

# ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘অগ্নি-সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ মানুষ ভোলেনি।

# বিএনপির ধানের শীষ মার্কায় ‘যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের’ মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, “এ রকম আরও বহু উদাহরণ দেওয়া সম্ভব, যার মাধ্যমে প্রমাণ করা যাবে যে সাধারণ ভোটাররা বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল।”

আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের ‘নিরঙ্কুশ সমর্থন’ সরকারের দায়িত্ব ও কর্তব্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।  

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই রায়কে দেশবাসীর সেবা এবং জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি।”

পুরনো খবর:

জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর, বিএনপিকে শপথ নেওয়ার আহ্বান
আওয়ামী লীগকে জয়ী করায় সবাইকে ধন্যবাদ: প্রধানমন্ত্রী