ডিসি-ওসি প্রত্যাহার নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের
নির্বাচনের আগে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটি দাবি করেছে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নেওয়ার আগে সরকারি ওই কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল।
বিএনপিসহ বিরোধী দলগুলোর নানা অভিযোগের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বুধবার গাইবান্ধার জেলা প্রশাসক, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রত্যাহারের নির্দেশ দেয়।
সেই সঙ্গে ঢাকার রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়।
এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘অসত্য’ অভিযোগের ভিত্তিতে ইসি এই পদক্ষেপ নিয়েছে।
ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “নির্বাচন কমিশনের এই এখতিয়ার অবশ্যই রয়েছে। তবে নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, তারা আত্মপক্ষের সমর্থন দেওয়ার সুযোগ হতে বঞ্চিত হয়েছেন।"
তিনি বলেন, “একজন অভিযোগ করলেই, তার সত্যতা যাচাই বাছাই না করে, তাকে প্রত্যাহার করা বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আগে অন্য পক্ষের বক্তব্য শোনার বিষয়ে নির্বাচন কমিশন আরও যত্নবান হবেন, আরও সতর্ক হবেন বলে আমরা আশা করি।”
বিএনপি নির্বাচন বানচালের উদ্দেশ্য থেকে নানা ‘মিথ্যাচার’ করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা রহমান।
তিনি বলেন, “গত কয়েকদিন ধরেই বিএনপি নেতাকর্মীদের কথাবার্তা, আচার-আচরণে নির্বাচনী পরিবেশ বিনষ্টের বিষয় পরিলক্ষিত হচ্ছে। তাতেই প্রতীয়মান হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি আসন্ন নির্বাচনকে ঘিরে এক ধরনের ধূম্রজাল সৃষ্টির দুরভিসন্ধিতে লিপ্ত।
“তাদের কথাবার্তায় মনে হচ্ছে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা, প্রজাতন্ত্রের পেশাদার ও নিরপেক্ষ কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে বিতর্কিত করা এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনমনে আসন্ন নির্বাচন নিয়ে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করাই যেন বিএনপির মূল লক্ষ্য।”
‘মুজিব কোট’ পরে বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ‘গভীর ষড়যন্ত্র’ করছে বলেও দাবি করেন রহমান।
তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট ভুয়া ব্যালট পেপার ছাপানোর পরিকল্পনা নিয়েছে। এমনকি নির্বাচনের পূর্বে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামাতের ক্যাডাররা গায়ে মুজিব কোট পরিধান করে নৌকা মার্কা ব্যাজ লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
ধানের শীষের প্রার্থীরা নিজেরা গোলযোগ সৃষ্টি করে তার দায় নৌকার প্রার্থীদের উপর চাপাতে চাইছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা।
পাশাপাশি বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে।
রহমান বলেন, “তারা গতকাল ঝিনাইদহ আওয়ামী লীগের অফিসে বোমা হামলা চালিয়েছে। মুন্সিগঞ্জে মাহি বি চৌধুরী উপর হামলা ও গুলিবর্ষণ করেছে।”
সিলেট, টাঙ্গাইল, পাবনা, খুলনা, শেরপুর, ঢাকার মিরপুরেও এমন ঘটনার কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
রহমান বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড.কামাল হোসেনের কেন্দ্র পাহারা ঘোষণা বিএনপি-জামাত সশস্ত্র ক্যাডার বাহিনীকে আরও বেপরোয়া করে তুলেছে।”
সংবাদ সম্মেলনে রহমানের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহরুফা আখতার পপি।
