প্রার্থিতা নিয়ে খালেদার আবেদন শুনতে নতুন বেঞ্চ গঠন
নিয়মিত বেঞ্চে বিভক্ত আদেশ হওয়ায় নির্বাচনে মনোনয়নপত্র বাতিল নিয়ে খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাঈফুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধান বিচারপতি হাই কোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান মহোদয়ের নেতৃত্বে একটি একক বেঞ্চ গঠন করে দিয়েছেন।”
একাদশ সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র বাতিল করায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের তিনটি আবেদনের শুনানি এখন এই বেঞ্চে হবে।
দুর্নীতির দুটি মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
দণ্ডের কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল করলে তার বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তিনি। তাতেও পক্ষে আদেশ না পেয়ে হাই কোর্টে যান তিনি।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ খালেদা জিয়ার প্রার্থিতার বিষয়ে বিভক্ত আদেশ দেয়।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক সৈয়দ রেফাত আহমেদ ইসিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়ে রুল জারি করেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারক মো. ইকবাল কবির তাতে দ্বিমত পোষণ করেন।
নিয়ম অনুযায়ী তখন মামলার নথি প্রধান বিচারপতির কাছে যায়। বিভক্ত আদেশটি পাওয়ার পর তা স্পষ্ট করতে প্রধান বিচারপতির দপ্তর থেকে তা আবার ওই বেঞ্চে পাঠানো হয়েছিল। তা পাওয়ার পর তৃতীয় বেঞ্চ গঠন হল।
খালেদার অন্যতম আইনজীবী কায়সার কামাল আদেশের পর সাংবাদিকদের বলেছিলেন, “আমরা প্রত্যাশা করছি, তৃতীয় বেঞ্চে আমরা ন্যায়বিচার পাব, সঠিক সিদ্ধান্ত পাব।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ড নিয়ে গত ফেব্রুয়ারি থেকে কারাগারে খালেদা জিয়া।
বিএনপি নেতারা আশা করছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। সে অনুযায়ী তাকে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী করেছিল বিএনপি। তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি নেতারা।
কিন্তু নভেম্বরের শেষে হাই কোর্টে এক মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিলে ওই দণ্ড বাতিল বা স্থগিত হয়।
এর ফলে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন বিএনপি নেতার আপিল করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আটকে যায়।
