২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপুণ রায় রিমান্ড শেষে কারাগারে

নয়া পল্টনে সংঘর্ষের মামলায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 07:58 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম বিএনপি নেতা নিপুণসহ ১৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া আব্দুস সামাদ আপেল জমাদার নামে আরেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন পুলিশ হেফাজতে পাঠান এই হাকিম।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন অর রশিদ, আমির হোসেন, মো. মহসিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি মো. মাহবুবুল আলম, মাহফুজুল ইসলাম ও আয়ন আহম্মেদ শান্ত।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কামরুল ইসলাম রিমান্ড শেষে এই ১৩ আসামিকে আদালতে নিয়ে  গিয়েছিলেন।

আসামিপক্ষে নিপুণ রায়ের বাবা সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, খোরশেদ মিয়া আলম, মহিউদ্দিন চৌধুরীসহ বিএনপির আইনজীবীরা আসামিদের জামিনের আবেদন করেন। কিন্তু তা নাকচ করেন বিচারক।

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের সময় গত ১৪ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় তিনটি মামলা করে। এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেককে আসামি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ আইনজীবী নিপুণকে পরদিন গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

পুরনো খবর:

গয়েশ্বরের পুত্রবধূ বিএনপি নেত্রী নিপুণ গ্রেপ্তার
বিএনপি নেত্রী নিপুণসহ সাতজন রিমান্ডে