নৌকার জন্য উজাড় করে দিন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
আগামী তিনমাস দাবি-দাওয়া বাদ দিয়ে নৌকার জন্য উজাড় করে দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে যা দিয়েছে, তা কোনো সরকার দেয়নি। এখন আপনাদের দেওয়ার পালা।”
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
নাসিম জনগণের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ডাক্তার হিসাবে আপনাদেরও দায়বদ্ধতা আছে। এখন নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এর বিকল্প নেই।”
শুধু স্বাস্থ্যখাতে অনেক কাজ অসম্পূর্ণ আছে, যেগুলো সম্পন্ন করতে শেখ হাসিনাকে সময় দিতে হবে মন্তব্য করেন নাসিম।
“সম্ভব হলে ডিসেম্বরের নির্বাচনের আগে আরো ৫ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
চট্রগ্রাম, রাজশাহী এবং সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার আইন পাস হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আশা করা হচ্ছে, এসবের অবকাঠামোর কাজ অক্টোবরের মধ্যে শুরু হবে।
২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক এবং প্রকল্প পরিচালক ডা. আবু রায়হানের সভাপত্বিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সনাল, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ. ডা. আহসান হাবিব, ডা. নিরুপম ও ওয়ার্ড মাস্টার সৈকত হোসেন।
অনুষ্ঠান শুরুর আগে ১৫ অগাস্ট নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা এবং অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
