২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান এরশাদের

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এবার ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 06:28 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।

“এই দাবি এদেশের মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায়ে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে, সেজন্য তাদের অভিনন্দন। আমি অবিলম্বে রাজপথ ছেড়ে ঘরে এবং ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানাচ্ছি।”

নিরাপদ সড়কের দাবিতে জনগণ ও প্রশাসনকে সচেতন করতে শিক্ষার্থীদের  আন্দোলনকে ‘বেহাত’ করার চেষ্টা হবে বলে আশঙ্কা সাবেক এই রাষ্ট্রপতির।

তিনি বলেন, “এরপরেও তারা রাজপথে অবস্থান করলে তা কারও জন্য মঙ্গলকর কিছু হবে না। একই সাথে এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করতে না পারে, তার জন্য সকল মহলকে আমি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে সরকারের পক্ষ থেকে তাদের নয়টি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও তারা রাজপথ ছাড়েনি।

দাবি মেনে নেওয়ার পর আশ্বাসের পর আর তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না বলেও মনে করেন এরশাদ।

“ছাত্রছাত্রীরা অনেক শিক্ষা দিয়েছে। এখন যার যে কাজ তাকেই তা করতে দিতে হবে। কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে মূল আন্দোলনের মাহাত্মটাই বিলীন হবে।”

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান তার বিশেষ দূত এরশাদ।

আরও খবর

শাজাহান খানকে নিয়ে এরশাদের কবিতা  

শিক্ষার্থীদের ৯ দাবিতে যা যা মিলল  

তৃতীয় পক্ষ নেমেছে, শিক্ষার্থীরা ক্লাসে ফের: প্রধানমন্ত্রী