শাজাহান খানকে নিয়ে এরশাদের কবিতা
গুটিকতক পরিবহন মালিক-শ্রমিকের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
এরশাদ বলেন, ‘দুঃখের কথা, এই পরিবহন শ্রমিকদের কাছে আমরা জিম্মি। না চলুক বাস, না চলুক কোনো কিছু। মাথা নত করব না। ওদের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে পারি না। মানুষের সুখ-শান্তি দেখার কথা সরকারের। কিন্তু রাস্তাঘাটে মানুষ জ্বালা-যন্ত্রণা সহ্য করবে তা হতে পারে না। আইন তাদের মানতে হবে।
“শ্রমিক দিয়ে সরকার পরিচালনা বন্ধ করে দেবে, তা চলতে পারে না। কয়টা মানুষের আমাদের সমস্ত মানুষ জিম্মি থাকতে পারে না। প্লিজ প্রধানমন্ত্রী, দেখেন কী হচ্ছে!’
একই সঙ্গে আন্দোলনত শিক্ষার্থীদের উপর আক্রমণ না করে তাদের সাথে কথা বলে দাবি মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
গত ২৯ জুলাই বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এরশাদ বলেন, ‘আজ হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। আমি গিয়েছিলাম দিয়ার বাসায়। দিয়া নেই। কীভাবে তারা বাস করে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দুটো ঘর আটজন মানুষ। দিয়ার বাবা একজন ড্রাভার। মেয়েকে শিক্ষিত করতে চেয়েছিল।’
নৌমন্ত্রীর হাসির প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, “একটা কবিতা বলি, ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে/ গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী সাহেবে হাসে’।
“এই একটি হাসি সমস্ত বাংলাদেশকে মৃয়মান করে দিয়েছে। মানুষ মরলে আরেক জন মানুষ হাসতে পারে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাদের কাছে মূল্যবান হল, তাদের মর্যাদা, অর্থবিত্ত।”
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এরশাদ বলেন, “সবচেয়ে দুঃখের বিষয়, এই কোমলমতি ছাত্রছাত্রীরা কোনো রাজনৈতিক দলের সংগঠনের না। রাজনীতিতে তাদের কিছু চাওয়া নেই।
“তারা চায় নিরাপদ সড়ক। বড় কিছু না, তারা বাঁচতে চায়। কিন্তু যেভাবে ছাত্রলীগের ছেলেরা তাদের আক্রমন করল, দেখে দুঃখ লাগল।”
জাতীয় পার্টিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয় আইনজীবী ফেডারেশনের সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
