পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহীতে শেষদিনের প্রচার
বিএনপির পক্ষ থেকে ভোট কারচুপি, নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও হুমকি-ধমকির অভিযোগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা অভিযোগের মধ্য চলছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে শেষ দিনের প্রচার।
সুষ্ঠু ভোট হওয়ার নিয়ে আশঙ্কার প্রকাশ করলেও শনিবার শেষ দিনের প্রচারে ধানের শীষের ‘বিজয় আসবে’ বলে আশা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষের কথা জানিয়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন।
বরিশাল ও সিলেটের সঙ্গে পদ্মাপাড়ের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। মেয়র পদের পাশাপাশি ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত নারী কাউন্সিলর বাছাইয়ে রায় দেবেন রাজশাহী নগরবাসী।
শেষ দিনের সকালে প্রচারে বের হননি আওয়ামী লীগের প্রার্থী। আবহাওয়া কিছুটা শুষ্ক থাকায় প্রচারে বেগ পেতে হয়নি বিএনপির প্রার্থীকে। তবে বিকালে শেষবেলার গণসংযোগে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ব্যাপক শোডাউন করেন দুই প্রার্থী।
রাজশাহীতে ১৩৮টি ভোটকেন্দ্রে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। মেয়র পদে ৫ জনের সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে ১৬০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে দলীয় প্রতীকের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রধান প্রতিদ্বন্দ্বিতায় আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল।
কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির(নাজিউর) হাবিবুর রহমান ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম এবং স্বতন্ত্র হিসাবে গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদ হাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
পাঁচ মেয়র প্রার্থীর পাশাপাশি নগরীর ৩০ ওয়ার্ডে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা চালিয়েছেন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। শেষ বিকেলে মিছিল-স্লোগান আর মাইকিংয়ে জমজমাট ছিল ৯৭ বর্গ কিলোমিটার আয়তনের এই শহর।
বিএনপির সভায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই প্রচার চলে রাজশাহী মহানগরীতে। তবে এই সময়ে নেতাকর্মীদের গণগ্রেপ্তার, সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে হুমকি-ধামকির অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে।
আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন
গত ১৭ জুলাই বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থেকে রাজশাহীর ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহী মহানগরের সমন্বয়ক সুব্রত পাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন উদ্যোগ নিলে ভোট তুলনামূলকভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে। কারণ ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কমিশনেরই”,
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ জুলাই থেকে নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় রাজশাহীতে। ১৯ দিনব্যাপী প্রচার কার্যক্রমের শেষ হওয়ার সময় শনিবার রাত ১২টা।
শান্তিপূর্ণ প্রচারের মধ্যে সাগরপাড়া মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় গত ১৭ জুলাই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্তত তিনজন।
ওই ঘটনার পর বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে মন্টুর ‘ফোনালাপের একটি অডিও হাতে পাওয়ার’ কথা বলে মন্টুকে গ্রেপ্তারের পর পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।
বিএনপির পক্ষ থেকে এই টেলিকথনটিকে বানোয়াট বলে অভিযোগ করা হলেও পুলিশ বলছে, নির্বাচনের পরিবেশকে ‘প্রশ্নবিদ্ধ করতে’ বিএনপি নেতারা ‘নিজেরাই পরিকল্পিতভাবে’ ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রমাণ ওই কথোপকথনে রয়েছে।
সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণার শেষ দিনের কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী লিটন। এরপর দুপুরে পার্টি পয়েন্ট রেস্তোরাঁয় রাজশাহীতে বরিশাল বিভাগীয় সমিতির মতবিনিময় সভার পর রাজশাহী কলেজে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
বিএনপি প্রার্থীর বিভিন্ন অভিযোগের জবাব দিয়ে মহানগর আওয়ামী লীগের এই সভাপতি বলেন, “নির্বাচনে পুলিশকে ব্যবহারের আমাদের প্রয়োজন নেই। কারণ, ইতোমধ্যে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা রাখি, ৭০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পাব।”
বিকেল সাড়ে ৫টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিনোদপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন।
এরপর মির্জাপুর, হনুফার মোড় ও আশপাশের এলাকায় গণসংযোগ শেষে বিনোদপুর বাজারে পথসভা করেন তিনি। পরে নগরীর কাজলা, বাজে কাজলা ও তালাইমারি এলাকায়ও তার গণসংযোগ চলে।
সকালে নগরীর জেলগেট থেকে গণসংযোগের মাধ্যমে দিনের প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এরপর সিপাহী পাড়া, ফায়ার সার্ভিসের মোড়, সাহেব বাজার এলাকার মনিচত্বর, কাঁচা বাজার, মাছ বাজার, মাস্টারপাড়া পাইকারী বাজার ও সোনাদীঘির মোড়ে গণসংযোগ করেন গত পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করে আসা এই বিএনপি নেতা।
বিএনপিপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল
বিকালে মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে ধানের শীষের পক্ষে গণপদযাত্রা বের করেন দলীয় প্রার্থী নেতাকর্মীরা। সেখান থেকে সাহেব বাজার হয়ে বিন্দুর মোড় ঘুরে রেলওয়ে স্টেশনে সামনে গিয়ে পথসভার তাদের শোডাউন শেষ হয়।
ভোটের দুদিন আগে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সিলেট ও বরিশালের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন এলাকায়ও মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।
ভোটের প্রচার শেষ হওয়ার ১৭ ঘণ্টা আগে শনিবার সকাল ৭টা থেকে রাজশাহী নগরে ১৫ প্লাটুন বিজিবি নেমেছে বলে জানিয়েছেন বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য ভোটের জন্য রাজশাহী নগরীতে থাকবে। ১৫ প্লাটুন থাকবে টহলে। বাকি ৪ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হবে।”
রাজশাহীতে ১৪০০ পুলিশ, ১৯৩২ আনসার ও ৪৫০জন র্যাব সদস্যের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা করেছে ইসি।
অভিযোগ-পাল্টা জবাব
ভোটের আগে আর নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ও ভোটের দিন কেন্দ্র ঘেরাওয়ের হুমকি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
শনিবার সকালে নগরীর মনি চত্বর এলাকায় গণসংযোগে গিয়ে তিনি ভোট জালিয়াতির পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও হুঁশিয়ার করেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী বুলবুল বলেন, “ঢাকা থেকে ব্যালট পেপার সিল দিয়ে রাজশাহীতে আনা হচ্ছে। আমরা তিন দিন আগেও বলেছি, ৩ লাখ ১৮ হাজারের বেশি ব্যালট যদি এখানে পাওয়া যায়, নির্বাচন কমিশনের ইট থাকবে কি না, আমরা বলতে পারব না।”
‘কালো গাড়িতে করে নৌকায় সিল মারা ব্যালট আনা হচ্ছে’ বলে অভিযোগ করেন গত নির্বাচনে বিজয়ী হয়ে পাঁচ বছর রাজশাহীর মেয়রের দায়িত্বপালনকারী এই বিএনপি নেতা।
প্রচারণা শুরুর পর থেকে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সরকারদলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বুলবুল।
বুলবুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রার্থী লিটন বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাদের মুখে ‘পুরনো’ সব অভিযোগ শুনতে শুনতে তার ‘কান ঝালাপালা’ হয়ে গেছে।
নগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, “প্রতিপক্ষ বিএনপি প্রার্থী বুলবুল ও তাদের কেন্দ্রীয় নেতারা প্রথম দিন থেকে আমার মনে হয় শতাধিক অভিযোগ দিয়েছেন, নির্বাচন কমিশনে এবং বক্তব্যের মাধ্যমে।
“এ কথাটি শুনতে শুনতে আপনারা যেমন, আমাদেরও কান ঝালাপালা হয়ে গেছে। সেভাবে রাজশাহীবাসীর বিরক্তি ধরে গেছে বলে আমার মনে হয়।”
লিটন বলেন, “(বিএনপির) সেসব অভিযোগের সারবস্তু হল, যদি আমি এক কথায় বলি- নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই, নির্বাচন কমিশনের হাতে তেমন কোনো ক্ষমতা নেই, নির্বাচনকে ম্যানিপুলেট করা হবে এবং নির্বাচনে অন্য কোনো প্রার্থী জিতে বসে আছে।
“অর্থাৎ যে কথাটি তারা সারাদেশব্যাপী বলেন, যে কোনো সময় কোনো নির্বাচন আসলে বিগত ১০টি বছর ধরে তারা এ কথাটি বলে আসছেন। সে কথাটি আবার তারা বলছেন রাজশাহীতে।”
বিএনপি প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন প্রসঙ্গে তিনি বলেন, “আমার জানামতে বিএনপি প্রার্থীর এজেন্ট সঙ্কট আছে। কারণ, তাদের দলের মধ্যে বিভাজন এত তীব্র এবং তাদের মনমানসিকতা এ দুর্বল... তারা রাজপথের দল নয়। তারা সেনাশাসন থেকে বেরিয়ে আসা দল মাঠের রাজনৈতিক দল হতে পারে না। তারা পোলিং এজেন্ট সঙ্কটে ভুগছে। যেটা গাজীপুরে ছিল, খুলনাতেও ছিল। সেটি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা মানুষ গ্রহণ করবে না।”
