বিএনপির অভিযোগ শুনতে শুনতে ‘কান ঝালাপালা’ লিটনের
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাদের মুখে ‘পুরনো’ সব অভিযোগ শুনতে শুনতে বিরক্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
শনিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী লিটন বলেন, “প্রতিপক্ষ বিএনপি প্রার্থী বুলবুল ও তাদের কেন্দ্রীয় নেতারা প্রথম দিন থেকে আমার মনে হয় শতাধিক অভিযোগ দিয়েছেন, নির্বাচন কমিশনে এবং বক্তব্যের মাধ্যমে।
“এ কথাটি শুনতে শুনতে আপনারা যেমন, আমাদেরও কান ঝালাপালা হয়ে গেছে। সেভাবে রাজশাহীবাসীর বিরক্তি ধরে গেছে বলে আমার মনে হয়।”
লিটন বলেন, “(বিএনপির) সেসব অভিযোগের সারবস্তু হল, যদি আমি এক কথায় বলি- নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই, নির্বাচন কমিশনের হাতে তেমন কোনো ক্ষমতা নেই, নির্বাচনকে ম্যানিপুলেট করা হবে এবং নির্বাচনে অন্য কোনো প্রার্থী জিতে বসে আছে।
“অর্থাৎ যে কথাটি তারা সারাদেশব্যাপী বলেন, যে কোনো সময় কোনো নির্বাচন আসলে বিগত ১০টি বছর ধরে তারা এ কথাটি বলে আসছেন। সে কথাটি আবার তারা বলছেন রাজশাহীতে।”
বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই।
রাজশাহীতে গত নির্বাচনে পরাজিত লিটন এবারও ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন। বিদায়ী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করে আসছেন, তার কর্মী-সমর্থকদের প্রচারই চালাতে দিচ্ছে না পুলিশ ও আওয়ামী লীগ।
এ ভোটের দুইদিন আগে কুমারপাড়া এলাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন অভিযোগর জবাব দিতে গিয়ে লিটন বলেছিলেন, “তারা মাঠে খেলতে নেমে এসে প্রথম থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এ কথাটি তাদের একটি মুদ্রাদোষে পরিণত হয়েছে। এটি তারা বলছেন।
“তারা বলছেন, গণগ্রেপ্তার করা হয়েছে। ৮ লাখ মানুষ অধ্যুষিত এই রাজশাহী শহর, আমার জানা মতে ২০-৩০টি চিহ্নিত মামলায় যারা আছে, তাদের ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি শুনিনি।”
আইন প্রয়োগকারী সংস্থা ‘যথেষ্ট স্বচ্ছতার’ কাজ করছে দাবি করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের এই সভাপতি বলেন, “তারা পরিবেশ রক্ষার জন্য যেটুকু না করলেই নয়, সেটুকু করছে। এক্ষেত্রে আমাদেরও কাউকে নিয়েছে বা নিবে- নিতে পারে। সেখানে চিহ্নিত কেউ থাকলে আমাদের বলার কিছু নেই।”
সে প্রসঙ্গে এক প্রশ্নে আওয়ামী লীগের প্রার্থী লিটন হাস্যরস করে বলেন, “গাড়ির রং কালো না, কাঁচের রং কালো, সেটা আমরা কিন্তু বুঝতে পারি নাই। আমি ধরে নিচ্ছি, গাড়ির রং কালো।
“যদি এই ধরনের কোনো কাজ করার প্রয়োজন হয়, তাহলে কালো রঙের গাড়ি নিয়ে আসতে হবে, অন্য গাড়িতে করা যাবে না, কেমন একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়াল। এ ধরনের কোনো কাজ করার ইচ্ছা আমাদের নাই। আগে কোথাও হয়েছে বলে আমরা শুনিনি।”
ইট খুলে নেওয়ার বিষয়টিকে ‘শতভাগ অরাজনৈতিক ও অশালীন’ ও কথা অভিহিত করে তিনি বলেন, “এ ধরনের কথা বলে তারা জনমনে ভীতির সৃষ্টি করছেন। নির্বাচনে ফলাফল মেনে নেওয়ার মানসিকতা সবার থাকতে হবে।”
আরেক প্রশ্নে আওয়ামী লীগ নেতা লিটন বলেন, “সবকিছু যদি তারা বোঝেন, তাহলে নির্বাচনটি বন্ধ করার জন্য তারা হাই কোর্টে যান না কেন...নির্বাচনও করবেন, আবার আগাম কিছু বায়বীয় অভিযোগও আমাদের বিরুদ্ধে করবেন, সেটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক না।”
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে ‘উন্নয়ন কাজের’ জন্য নগরীর পঞ্চপট্টি, বহরমপুর, বুলনপুর ও ভদ্রাসহ বিভিন্ন এলাকা থেকে বস্তিবাসীদের উচ্ছ্বেদ করা হতে পারে বলে সেখানকার অধিবাসীদের মধ্যে গুঞ্জন আছে। নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী বুলবুল ও নেতাকর্মীরা সেটা কাজে লাগাচ্ছেন।
সে প্রসঙ্গে এক প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা লিটন বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা গরিব মানুষদের বাড়ি-ঘর তুলে দেওয়ার জন্য সিটি নির্বাচন করছি না। যেখানে সরকার গরিব মানুষের আবাসস্থল তৈরি করার জন্য পরিকল্পনা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন- যাদের মাথায় ছাদ নাই, ভূমি নেই, জায়গা নাই, তাদের জন্য আবাসস্থল তৈরি করার; সেখানে আমাদের এখানে এমন কিছু করার প্রশ্নই ওঠে না। পরিকল্পনাও নাই, ইচ্ছাও নাই।”
নির্বাচিত হলে পয়:নিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট চওড়া এবং নদীর ধারে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন ২০১৩ সালের আগে পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করা লিটন।
সরকারের উচ্চ পর্যায় থেকে গ্যাস পাইপলাইনের অনুমোদন নিয়ে রাজশাহী শহরের পাশে প্রস্তাবিত আরেকটি শিল্প এলাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে লিটন বলেন, “সেখানে ভূমি উন্নয়ন করে, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের ধনাঢ্য ব্যবসায়ীদেরকে রাজশাহীতে নিয়ে এসে নিরাপদ পরিবেশ যাতে ৫০ থেকে ১০০টি গার্মেন্টস কারখানা বা বিশেষায়িত পণ্যের কারখানা তৈরি করা যায়।”
এর মাধ্যমে আগামী পাঁচ বছরে এক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং বঙ্গবন্ধু হাই-টেক পার্কের মাধ্যমে ১৪ হাজার ছেলে-মেয়ে আইটি এক্সপার্ট হয়ে গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে ৭০ থেকে ৮০ শতাংশ ভোট গ্রহণ হতে পারে মন্তব্য করে তিনি বলেন, “রাজশাহী শহর গাজীপুর ও খুলনার মত বিস্তীর্ণ এলাকা নয়, ছোট এলাকা। এখানে কাউন্সিলর প্রার্থীরা ভোটারদেরকে বাড়ি থেকে নিয়ে আসেন এবং গতবার ভোট প্রদানের হার ছিল ৭৬ শতাংশের কাছাকাছি। আমি আশা করছি, ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়বে।”
