২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুলকে গুলির ‘গুজব’ ছড়ানোয় রাজশাহীতে ২ জনের বিরুদ্ধে অভিযোগ

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পুলিশের গুলিতে আহত হয়েছেন- ফেইসবুক এমন ‘গুজব ছড়ানোয়’ ছাত্রদলের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 04:44 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শুক্রবার রাতে বোয়লিয়া মডেল থানায় আলাদা দু’টি অভিযোগ দায়ের করেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম।

দুই এজাহারের একটিতে বরগুনার পাথরঘাটা থানা ছাত্রদলের সভাপতি হাসান আল বাকের মেসাল ও অপরটিতে বদিউজ্জামান সাহেদ নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোয়ালিয়া থানায় দুইটি এজাহার দেওয়া হয়েছে। এগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

বদিউজ্জামানের বিরুদ্ধে দায়ের করা এজাহারে বলা হয়েছে, গত ২৬ জুলাই বিকাল ৬টার দিকে বদিউজ্জামান সাহেদ তার ফেইসবুক আইডিতে লেখেন, ‘দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার প্রহসনের প্রতিশ্রুতির নমুনা। রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ।’

তার পোস্টে মোসাদ্দেক হোসেন বুলবুলের যে ছবিটি দেওয়া হয়, সেটি ছিল ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের পরের। সে সময় একটি বিক্ষোভের মধ্যে পুলিশের রাবার বুলেটে আহত হয়েছিলেন বুলবুল।

একই বিষয় নিয়ে হাসান আল বাকের মেসালও নিজের ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেন বলে অপর এজাহারে উল্লেখ করা হয়েছে।

হাসান তার স্ট্যাটাসে লেখেন, ‘মানবতা আজ মৃত, হিংস্রতা আজ উল্লাসে মেতেছে, ধিক্কার এই স্বৈরশাসকের শাসনের। রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ।’

দুই এজাহারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও মনিরুজ্জামান শেখ রাহুলকে সাক্ষী করা হয়েছে।

শনিবারের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মামলা সম্পর্কে বলেন, “ঘটনাটি শুনেছি। এ বিষয়ে মামলা হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী, আদালত ও সংশ্লিষ্টরা দেখবেন।”