রাজশাহীতে জামায়াতকে পাশে পায়নি বিএনপি
রাজশাহী সিটি করপোরেশনের কিছু এলাকায় জামায়াতে ইসলামীর শক্ত অবস্থান থাকলেও এবার নির্বাচনী প্রচারে ২০ দলীয় জোটের শরিক দলটিকে পাশে পায়নি বিএনপি।
আওয়ামী লীগ ও পুলিশের ‘হামলা ও বাধাকে’ এর কারণ দেখিয়েছেন বিএনপি-জামায়াতের নেতারা। তবে একে বিএনপি জোটে বিভেদের ইঙ্গিত হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা।
বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। মেয়র পদের পাশাপাশি ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত নারী কাউন্সিলর বাছাইয়ে রায় দেবেন রাজশাহী নগরবাসী।
১৩৮টি ভোটকেন্দ্রে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। মেয়র পদে ৫ জনের সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে ১৬০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
মেয়র পদে দলীয় প্রতীকের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটনের প্রধান প্রতিদ্বন্দ্বিতায় আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ও বিদায়ী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
সিলেটের নির্বাচনে মেয়র পদে বিএনপির আরিফুল হক চৌধুরীর পাশাপাশি ২০ দলীয় জোটভুক্ত জামায়াতের এহসানুল মাহবুব জুবায়েরও প্রার্থী হয়েছেন।
রাজশাহীতে মেয়র পদে জামায়াতের মধ্য থেকে কেউ প্রার্থী না হলেও ৩০ ওয়ার্ডের মধ্যে ১৪টিতে দলটির নেতারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর প্রার্থীও আছেন জামায়াতের তিনজন।
বিএনপির প্রার্থী বুলবুলের সঙ্গে জামায়াত না থাকায় প্রশ্ন ওঠার পর ২৬ জুলাই থেকে তারা ‘মাঠে নামবে’ বলে রাজশাহীতে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কিন্তু এরপরও জামায়াতকে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারে দেখা যায়নি; এদিকে শনিবার রাত ১২টায় যে প্রচার-প্রচারণা শেষ হতে চলেছে।
এ বিষয়ে জামায়াতের বক্তব্যের জন্য মহানগর কোনো নেতাকে পাওয়া যায়নি। তাদের আমির অসুস্থ। নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নাশকতার মামলায় গ্রেপ্তার থাকাবস্থায় সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা আত্মগোপনে আছেন।
নির্বাচনের প্রচারে জামায়াতের থাকা-না থাকা নিয়ে কথা হয় ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াতের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুস সামাদের। জামায়াতের সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী শাখার এই সভাপতি গত পাঁচ বছরেও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
জামায়াত ‘বিএনপির সঙ্গে নেই’- এমন কথা ঠিক নয় দাবি করে সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জোটগতভাবে একসাথে কাজ করার সুযোগ এখন নাই। আমরা তো জোটের প্রার্থী। জোট এখনও ভাঙেনি, জোটে আছি। ভোট আমরা জোটেই দেব।”
বাধার কারণে ভোটের প্রচারে নামতে পারছেন না দাবি করে রাজশাহী মহানগর জামায়াতের মজলিশে শূরার সাবেক এই সদস্য বলেন, “আমাদের তো রাস্তায় নামারই গতি নাই। কেউ বের হইলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেছে। রাজশাহী সিটি থেকে গ্রেপ্তার করে রাজশাহীতেও রাখছে না; পাবনা, চাঁপাইনবাবগঞ্জসহ অন্যান্য জেলায় চালান করে দিচ্ছে।”
জামায়াত প্রচারে নামবে বলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বললেও রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন তপু বলছেন, “জামায়াত প্রচারণায় নামলে জঙ্গী-সন্ত্রাসী বলে আরও বেশি হামলে পড়ত। পুলিশ ও আওয়ামী লীগের কারণে জামায়াত মাঠে নামতে পারেনি।”
তিনি বলেন, “আমাদের জোট তো নির্বাচনী জোট। জোট মানে তো এক হয়ে যাইনি আমরা। সে অনুযায়ী জামায়াত তাদের ভোট জোটের প্রার্থীকে দেবে। এক্ষেত্রে কোনো ধরনের বিভক্তি বা মত বিরোধ আমরা দেখছি না।”
কেবল জামায়াতের সঙ্গে এই ‘দূরত্ব’ই নয়, উপদলীয় কোন্দল ও বিভক্তির কারণে বিএনপি কোণঠাসা হয়ে আছে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, “বিএনপি বলছে, আমরা তাদেরকে বাধা দিচ্ছি। তারা নানা ধরনের বায়বীয় অভিযোগ তুলছে। আসল কথা হচ্ছে, নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও দলীয় বিভক্তির কারণে বুলবুল সাহেবের সঙ্গে কেউ নাই। নেতাকর্মীরাও মাঠে নাই।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ নম্বর থেকে ৩০ নম্বর পাঁচটি ওয়ার্ডে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। তার মধ্যে মতিহার, বিনোদপুর, মেহেরচণ্ডি, ডাঁশমাড়ি, বুধপাড়া, খড়খড়ি, কাজলা প্রভৃতি এলাকা।
কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমনের এক ফেইসবুক স্ট্যাটাসেও রাজশাহীতে দুই দলের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেলের এই সদস্য সেখানে লেখেন, “২০১৩ সালে জামায়াত-শিবির বুলবুল ভাইর নির্বাচনী মাঠে ছিল, অথচ এবার ২০১৮ সালে নাই কেন? এই ব্যর্থতা কার? রাজশাহী বিএনপির ঘাঁটি হওয়া সত্ত্বেও জামায়াতের সঙ্গবিহীন বুলবুল ভাই বিজয়ী হওয়া তো দূরের কথা, ঠিকমতো প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।”
ফেইসবুক পোস্টে রাসিকের মেয়র হিসেবে আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটনকে আগাম শুভেচ্ছাও জানান শিবির নেতা ইমন।
জামায়াতের মহানগর কমিটির এক নেতা নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে বুলবুল আমাদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। আবার জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনও বিএনপি আমাদের ছাড়তে চাইছে না। আমরা প্রার্থী দিতে চাইলেও তারা সেখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে প্রার্থী করতে চায়।”
তবে বিরোধ যতই হোক, জামায়াতের ভোট ধানের শীষেই পড়বে বলে মনে করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনতাবিরোধী এ গোষ্ঠিটি সম্পর্কে আমরা সচেতন। এরা প্রকাশ্য না নামলেও তারা নির্বাচনে সহিংসতা চালানোর ষড়যন্ত্র যে করছে না, তা কোনোভাবেই বলা যাবে না।”
