জাহাঙ্গীরের কি গাড়ির অভাব: এইচ টি ইমাম
নির্বাচন কমিশনকে হেয় করার উদ্দেশ্যে বিএনপি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গাজীপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পুলিশের গাড়িতে চড়ার যে খবর ছড়িয়েছে, তাও ‘ডাঁহা মিথ্যা’ বলে দাবি করেছেন এইচ টি ইমাম।
গাজীপুরে ভোটের আগের দিন সোমবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করতে যায়। তারা ইসির কার্যক্রম নিয়ে সন্তোষও প্রকাশ করেছে।
আগের দিনই বিএনপি নেতারা সিইসির সঙ্গে দেখা করে নানা অভিযোগ করেন। তারা দাবি করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে এই নির্বাচনে প্রভাব খাটাচ্ছে স্থানীয় প্রশাসন। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে।
ক্ষমতাসীনরা নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমকে জেতাতে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।
এইচ টি ইমাম বলেন, “নির্বাচনের পরিবেশে আমরা সন্তুষ্ট। সরকার ও আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করে যাবে। কমিশনও বলেছে, তারা সব সময় পরিস্থিতি মনিটরিং করছেন।”
বিএনপির বক্তব্যকে ‘উস্কানিমূলক’ মন্তব্য করে তিনি বলেন, “বিএনপির একটা অপকৌশল থাকে, প্রতিটি নির্বাচনের আগে উস্কানিকমূলক অপপ্রচার করে। জিতলে বলে সঠিক হয়েছে, না জিতলে বলে ঠিক হয়নি। কিন্তু হারজিত থাকবে। আমরাও কুমিল্লা ও রংপুরে হেরেছি।
“নির্বাচনকে বিতর্কিত ও নির্বাচন কমিশনকে হেয় করতেই বিএনপি সব সময় অভিযোগ করে যাচ্ছে।”
নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “আমরা মনে করি, কমিশন ভালোভাবে কাজ করছে; তাদের অধীনে এ পর্যন্ত হওয়া নির্বাচনের রেকর্ডও ভালো।”
গাজীপুরে রোববার শেষ দিনের প্রচারে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম। ছবি: মোস্তাফিজুর রহমান
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত পুলিশের গাড়িতে চড়ে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রচারের বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন এইচ টি ইমামকে।
তিনি বলেন, “এটা ডাঁহা মিথ্যা কথা। তার কি গাড়ির অভাব রয়েছে? সে কি কাণ্ডজ্ঞানহীন যে পুলিশের গাড়িতে করে প্রচার চালাবে?”
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদকে প্রত্যাহারের দাবি বিএনপি করলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দলটি তুলতে পারেনি বলে দাবি করেন এইচ টি ইমাম।
ভোটে অনিয়ম রোধে পুলিশসহ মাঠ কর্মকর্তাদের উপর সিইসি ‘কঠোর নির্দেশনার’ কথাও সাংবাদিকদের বলেন তিনি।
“বৈঠকে কমিশন জানিয়েছে, ডিআইজি, এসপিসহ সব কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন সিইসি। তারাই ভয়ে আছেন। এখন মনে হয় আর কিছু হবে না।”
দুঃখ প্রকাশ নওফেলের
গাজীপুরে যাওয়ার মাধ্যমে নির্দেশনা অমান্য হওয়ায় নির্বাচন কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গাজীপুরে রোববার সংবাদ সম্মেলন করতে গিয়েছিলেন মুহিবুল হাসান চৌধুরী নওফেল; কিন্তু শেষ করতে পারেননি
এইচ টি ইমাম বলেন, “রোববার গাজীপুরে গিয়েছিল; এ নিয়ে সে নিজেই আজ কমিশনের সামনে দুঃখ প্রকাশ করেছে। কমিশন এতে সন্তুষ্ট হয়ে বলেছে, ‘এমন রাজনৈতিক চর্চাই আমরা চাই’।”
এইচ টি ইমাম নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতিনিধি দলে নওফেল ছাড়াও ছিলেন রাশিদুল হাসান, বিপ্লব বড়ুয়া ও এ বি এম রিয়াজুল কবির কাউছার।
শনিবার মধ্যরাতের পর থেকে গাজীপুরে বহিরাগতদের থাকার উপর নিষেধাজ্ঞা থাকলেও নওফেল গিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন, পরে তিনি পিছু হটেন।
‘নতুন ষড়যন্ত্র’
গাজীপুরে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতা মওদুদ আহমদ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতা মওদুদ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। প্রকৃতপক্ষে স্বৈরশাসনের গর্ভ থেকে জন্ম নেওয়া বিএনপি ও তাদের নেতারা জনগণের মুখোমুখি হতে ভয় পান। নির্বাচনে জিতলে আছি, হারলে নাই, নীতিতে রাজনীতি করে বিএনপি। নির্বাচন সামনে রেখে নোংরা রাজনীতি বিএনপির আজন্ম দোষ।”
সাবেক আইনমন্ত্রী মওদুদের বক্তব্য ‘গণতন্ত্রবিরোধী এবং নির্বাচনী আচরণবিধি পরিপন্থি’ বলে দাবি করেন নানক।
তিনি বলেন, “দেশবাসী ভুলে যায়নি, মওদুদ আহমদের নেতৃত্বে সাংবিধানিক শাসনের পরিপন্থি তথাকথিত হ্যাঁ-না ভোট পদ্ধতি প্রচলন হয়েছিল। ভোটারবিহীন নির্বাচন এবং ১৯৭৯ সালের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
“জিয়া-এরশাদ দুজন সামরিক স্বৈরাচারের অন্যতম প্রধান সহচর মওদুদ আহমদের মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা মানায় না।”
