বাইরের চাপে অভিযান থামবে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরের কারও চাপে দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান বন্ধ হবে না।
জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) বাংলাদেশে চলমান এই মাদকবিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানোর পর রোববার ওবায়দুল কাদেরের এমন প্রতিক্রিয়া এল।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “জাতিসংঘের পর্যবেক্ষণের অধিকার রয়েছে, তা তারা করুক। আমাদের বিদেশি কোনো বন্ধু পর্যবেক্ষণ করতে চাইলে করুক। কারও চাপের কাছে আমরা নতি স্বীকার করব না, নতি স্বীকার করব বাংলাদেশের জনগণের চাপে।”
গত মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদক নির্মূল অভিযানে এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে, যাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছেন মানবাধিকারকর্মীরা।
এর মধ্যে টেকনাফের যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর একরামের পরিবার অভিযোগ তুলেছে, তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। বক্তব্যের সপক্ষে মৃত্যুর আগে একরামের সঙ্গে টেলি কথপোকথনের একটি অডিও টেপ প্রকাশ করেছে তার পরিবার, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
এই প্রেক্ষাপটে শনিবার জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এক বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করার কথা জানিয়ে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে।
তবে তাতে সাড়া না দিয়ে ওবায়দুল কাদের রোববারও বলেছেন, “যতদিন প্রয়োজন হয় অভিযান চলবে। যতক্ষণ না সর্বনাশা মাদকের ছোবলকে নিয়ন্ত্রণ করা যায়।”
পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, “নারায়ণগঞ্জের ঘটনায় কি র্যাবের বড় অফিসাররা বাদ গেছে? তাদের ফাঁসির অর্ডারও হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না “
কথিত বন্দুকযুদ্ধের সমালোচনায় দেশের শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক, কবি ও সাংস্কৃতিক কর্মীদের বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন- বিবৃতি তারা দিতেই পারেন।
“সমালোচনা করার অধিকার সকলেরই রয়েছে। কিন্তু আমরা মনে করছি মাদকবিরোধী অভিযান সর্বাত্মক রূপ নিয়েছে, দেশের জনগণ খুশি। কারণ দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে যে মাদক, তা থেকে তাদের (তরুণ) রক্ষা করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। কাজেই সমালোচকরা সমালোচনা করুক। আমরা আমাদের কাজ করে যাচ্ছি দেশের জনগণ ও ভবিষ্যতের দিকে তাকিয়ে। কারণ তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যত, তারা ধ্বংস হলে দেশের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। আমরা অভিযান দেশের স্বার্থে জনগণের স্বার্থে চালিয়ে যাচ্ছি।”
মাদকের হোতাদের সরকার বিদেশে পালিয়ে যেতে সহায়তা করছে- বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, “বিএনপিতেও আছে কিনা তা আমাদের খুঁজে বের করতে হবে… বদির মতো আর কত বদি এ দেশে আছে। বদি মাদকের গডফাদার- এটা আপনি বলতে পারেন, প্রমাণ কি? প্রমাণ করুন। প্রমাণিত হলে বদিকেও ছাড় দেয়া হবে না।”
আন্দোলন ‘ব্যর্থ হওয়ার হতাশা’ থেকেই বিএনপি মাদকবিরোধী অভিযানের সমালোচনা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকারের ভালো কাজে জনপ্রিয়তা বাড়ছে তা তারা সইতে পারছে না, হজম করতে পারছে না। তাই বিএনপি এ অভিযানের বিরুদ্ধে যা খুশি তা বলে বেড়াচ্ছে।”
