২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার জন্মদিনে শ্রমিক দলের শোভাযাত্রা

খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 05:49 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এই প্রত্যাশার কথা শোনান তিনি।

ফখরুল বলেন, “আজকে দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে, আজকে দেশ গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি।

“আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব।”

জিয়াউর রহমানের ৮২তম জন্মদিনে জাতীয়তাবাদী শ্রমিক দল এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ নির্মাণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।

এরপর বিএনপি মহাসচিব বেলুন ও সাদা কবুতর উড়িয়ে এই শোভাযাত্রা বের করেন।

মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক দলের শাহ মো. আবু জাফর, দক্ষিণেরর কাজী আবুল বাশার, উত্তর সিটি করপোরেশনের মুন্সি বজলুল বাসিত আনজু ও আহসানউল্লাহ হাসান শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে নয়া পল্টনে এসে শেষ হয়।

এর আগে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ৬ষ্ঠ তলায় জিয়া স্মৃতি পাঠাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের কেক কাটেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও জিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জহির দীপ্তিসহ শতাধিক কর্মী।