নারীর প্রতি সহিংসতার জন্য দায়ী ‘রাষ্ট্রের দৃষ্টিভঙ্গী’
রাষ্ট্রের 'দৃষ্টিভঙ্গির' কারণেই দেশে হত্যা-ধর্ষণ ব্যাপকতা পেয়েছে বলে দাবি করেছেন দুই বাম দল সিপিবি ও বাসদের নারীনেত্রীরা।
টাঙ্গাইলে চলন্ত বাসে নারী ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে নারী-শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি করেন তারা।
কমিউনিস্ট পার্টি নারী সেল এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে এই প্রতিবাদী সমাবেশ হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টা শামসুন্নাহার জোৎস্না বলেন, “এই পুরুষতান্ত্রিক কাঠামোয় সরকারের সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান এতটাই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে যৌন নিপীড়নের শিকার হওয়ার পর বিচারের জন্য থানায় গেলেও অনেক সময় মামলা পর্যন্ত গ্রহণ করতে চায় না।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার বলেন, “দেশের প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও ধর্ষণ ও যৌন নিপীড়ন বেড়ে যাওয়ার ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, নারীর প্রতি রাষ্ট্র ও সরকারের দৃষ্টিভঙ্গিই এর জন্য দায়ী।”
সমাবেশে কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী বলেন, একের পর এক এসব ঘটনায় সরকারের ব্যর্থতা অপরাধীদেরই উৎসাহিত করছে।
টাঙ্গাইলের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়য়ে তিনি বলেন, “এ ধরনের বীভৎস ঘটনা এর আগেও অনেক ঘটেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে এসবের পুনরাবৃত্তি হত না।”
নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে জোৎস্না পাড়া মহল্লায় নারী নির্যাতন প্রতিরোধে বিগ্রেড গড়ে তোলার উপর জোর দেন।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মাকছুদা আক্তার লাইলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঢাকা নগর কমিটির সদস্য রুখসানা আফরোজ আশা।
