২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের কথায় বিপদের ইঙ্গিত: রিজভী

আগামী জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার অধীনেই সহায়ক সরকার হবে বলে যে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন, তাতে ‘দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত’ দেখছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2017, 03:55 PM

Updated : 19 Aug 2022, 04:57 PM

বুধবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনার অধীনে যদি সহায়ক সরকার হয়, তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে একতরফাভাবে নৌকা মার্কার প্রার্থীদের জন্য সহায়ক। অবাধ, সুষ্ঠু ও সবার কাছে অংশগ্রহণমূক নির্বাচনের জন্য সেটি সহায়ক হবে না।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার কুমিল্লায় সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আর নির্বাচনকালীন শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। এটাই আমাদের সংবিধানের নিয়ম।”

এর প্রতিক্রিয়ায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য জনগণের মর্মে আঘাত করেছে। তার বক্তব্য দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত একতরফা নির্বাচনের স্বপ্ন শাসকগোষ্ঠীকে ভুলে যেতে হবে।”

তার ভাষায়, ওই নির্বাচনে ভোটারদের শান্তিপূর্ণ ভোট দেওয়ার সুযোগ ছিলো না, সেখানে ছিল ‘বারুদের গন্ধ, লাশের মিছিল ও রক্তের স্রোত’।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবিতে তিন বছর আগের ওই নির্বাচন বিএনপি বর্জন করে। আর অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।   

বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক বা যে নামেই হোক, নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। সেজন্য সংবিধান পরিবর্তনের উদ্যোগ ক্ষমতাসীন আওয়ামী লীগকেই নিতে হবে।

“সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না, সংবিধান কোনো হিমালয় পর্বত নয় যে তাকে নড়ানো যাবে না। দেশ ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়, সংবিধান সংশোধনও সংবিধানের বিধান,” বলেন রিজভী।

দল নিরপেক্ষ সহায়ক সরকারের দাবি এখন ‘আপামর জনসাধারণের’ দাবি করে তিনি বলেন, “যেভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল, আওয়ামী লীগ যেভাবে সবার মতামত, এমনকি নিজ দল ও জোটের সিনিয়র নেতাদের মতামত উপেক্ষা করে প্রধানমন্ত্রী নিজের স্বার্থে সংবিধান সংশোধন করে সেটি বাতিল করেছিলেন, ঠিক সেভাবেই দল-নিরপেক্ষ সহায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করতে কোনো আইনগত বাধা নেই।”

আগামী নির্বাচন নিয়ে কোনো ‘নীল নকশা’ হলে জনগণ তা প্রতিহত করবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “এখনো সময় আছে, সরকারের শুভ বৃদ্ধির উদয় হোক- এটা আমরা কামনা করি। একটি শান্তিপূর্ণ নির্বাচনে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে দল নিরপেক্ষ সরকারের বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এটা আমরা প্রত্যাশা করি। এর অন্যথা হলে জনগণ তার পথ বেছে নেবে।”

অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা এম এ মালেক, মীর সরফত আলী সপু, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, কাজী আবুল বাশার সংবাদ সম্মেলনে দলের উপস্থিত ছিলেন।