গাড়ি পোড়ানো: ফখরুলদের বিরুদ্ধে শুনানি পিছিয়েছে
গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
রোববার আসামিপক্ষের সময়ের আবেদনে সাড়া দিয়ে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আগামী ৩০ মার্চ পরবর্তী দিন ঠিক করে দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জন আদালতে হাজির ছিলেন।
“তবে মামলার অন্যতম আসামি সালাহউদ্দিন আহমেদ আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ মার্চ ঠিক করেন বিচারক।”
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট থানার সহকারী এএসআই রুহুল আমীন এ মামলা করেন।
২০১৪ সালের ১২ জানুয়ারি এসআই জহুরুল ইসলাম বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
