এ জয় হাসিনার উন্নয়নের প্রতি জনআস্থার প্রমাণ: আ. লীগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করছে আওয়ামী লীগ।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে প্রায় ৮০ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আইভী।
রাতে আইভীকে বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিজয় আমাদের প্রত্যাশিত। গত আট বছরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন, দৃঢ় নেতত্ব দিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন, এই বিজয় তারই প্রতিফলন।”
এছাড়া গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জবাসীর স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে সেলিনা হায়াৎ আইভীর কর্মকাণ্ডও এই বিজয়ে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন হানিফ।
তিনি বলেন, “মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভীও তার নারায়ণঞ্জবাসীর কল্যাণে সাহসিকতা, মেধা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেছেন। তাই ভোটাররা বিপুল ভোটে তাকে বিজয়ী করেছেন।
“এই জয়ের মাধ্যমে আবার প্রমাণিত হল- দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থাশীল। দেশের মানুষ নষ্টের রাজনীতি দেখতে চায় না।”
