২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক তালিকা থেকেই ‘দাঁড়িপাল্লা’ বাদ দেবে ইসি

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 09:50 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

পুরনো খবর:

রাজনৈতিক দলকে আর দাঁড়িপাল্লা নয়: সুপ্রিম কোর্ট
সংসদ নির্বাচনের জন্য ৬৫ প্রতীক
জামায়াতের প্রতীক নিয়েও আপত্তি
জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা বাতিলের দাবি জানালেন কাদের সিদ্দিকী

কোনো রাজনৈতিক দলকে আর ‘ন‌্যায়বিচারের প্রতীক’ দাড়িপাল্লা ব‌্যবহার করতে না দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্তের প্রেক্ষাপটে মঙ্গলবার এ কথা বলেন তিনি।

বর্তমানে সংসদের নির্বাচন পরিচালনা বিধিমালায় ৩২ নম্বর প্রতীক এই ‘দাঁড়িপাল্লা’।

“শুধু দলকে নয়, স্বতন্ত্র প্রার্থী বা কাউকে এ প্রতীক দেওয়া হবে না। তাই বিধিমালার প্রতীক তালিকা থেকেই বাদ দিতে হবে দাঁড়িপাল্লা,” বলেন এ নির্বাচন কমিশনার।

হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাঁড়িপাল্লা বাংলাদেশে সুপ্রিম কোর্টেরও মনোগ্রাম। এই প্রতীক যেন কোনো রাজনৈতিক দলকে আর বরাদ্দ দেওয়া না হয়, সে বিষয়ে নির্বাচন কমশিনকে চিঠি দেওয়া হবে।

প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকদের ফুল কোর্ট সভার এই সিদ্ধান্ত জানিয়ে বুধাবার নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে বলে জানান ফয়েজ।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্টের চিঠি পাওয়ার পর কমিশন সভায় বসে দাঁড়িপাল্লা প্রতীকটি সংরক্ষিত তালিকা থেকেও বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। শুধু দল নয়, কোনো ব্যক্তিকেও এ প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। দাঁড়িপাল্লা প্রতীক কাউকে বরাদ্দ দেওয়াও উচিত নয়।”

বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালায় সংসদ নির্বাচনের জন্য ৬৫টি প্রতীক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে নিবন্ধিত ৪০টি দলের জন্য বরাদ্দ রয়েছে ৪০টি প্রতীক। এর বাইরে স্বতন্ত্র ও নতুন নিবন্ধিত দলের জন্য বাকি ২৫টি প্রতীক রয়েছে।

এ নির্বাচন কমিশনার জানান, নিবন্ধিত দলকে ব্যবহার করতে না দিলেও ইসির সংরক্ষিত প্রতীক তালিকায় দাঁড়িপাল্লা থাকলে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা তা চেয়ে আবেদন করতে পারেন। জামায়াতের বাইরে নতুন নিবন্ধিত কোনো দলও এ প্রতীক চেয়ে আবেদন করতে পারে। এ কারণেই তা বাদ দিতে হবে।

“নির্বাচন পরিচালনা বিধিমালার সংরক্ষিত প্রতীক তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ দিলে আর কারও কোনো সুযোগ থাকবে না।”

এর আগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর ইসির সংলাপে গিয়ে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম আব্দুল কাদের সিদ্দিকী যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং ‘দাঁড়িপাল্লা’ বিশ্বে স্বীকৃত ন্যায় বিচারের প্রতীক হওয়ায় জামায়াতে ইসলামীর প্রতীকটি বাতিল করার দাবি জানান।

সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিধান অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এরপর নাম পাল্টে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ নামে নিবন্ধনের জন্য ২০০৮ সালে দলটি নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেয়।

এরপর ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কমিশনে লিখিত আপত্তি জানায়। জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগও জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়ার ব্যাপারে আপত্তি তোলে।

এরপরও ২০০৮ সালে ৪ নভেম্বর ১৪ নম্বর দল হিসাবে জামায়াত ইসির নিবন্ধন পায় এবং তাদের দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়।

কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে ২০১৩ সালে উচ্চ আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন অবৈধ হয়ে যায়।

তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় জামায়াতের নাম ও প্রতীক এখনও রাখা আছে। সেখানে বলা হয়েছে- ‘মাননীয় হাই কোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং ৬৩০/২০০৯ এর উপর ০১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে’।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্টের চিঠি পেলে আইন অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত পেলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।”

প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রয়োজন পড়বে না। কমিশন সিদ্ধান্ত নিলে বিধিমালার সংশোধনের মাধ‌্যমেই তা গেজেট আকারে প্রকাশ করা যাবে।