২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের প্রতীক নিয়েও আপত্তি

জামায়াতে ইসলামীর নিবন্ধনের বিষয়ে আপত্তির পর এবার দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়েও আপত্তি এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে সোমবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম।

একই দিন রাজনৈতিক দল হিসেবে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নিবন্ধন পাওয়ার বিষয়ে আপত্তি জানায় 'ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইসিতে পাঠানো আব্দুল্লাহ কাইয়ূমের চিঠিতে বলা হয়, "দাঁড়িপাল্লা বিশ্বজনীন ও সার্বজনীনভাবে ন্যায়বিচারের প্রতীক। পাশাপাশি এটি বাংলাদেশের সংবিধান কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও প্রতীক।"

এ দুটি বিষয় বিবেচনায় রেখে দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীক হিসেবে কোনও রাজনৈতিক দলকে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন আব্দুল্লাহিল কাইয়ূম।

এ বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যায়বিচার ও আদালতের প্রতীক দাঁড়িপাল্লাকে কোনও রাজনৈতিক দলকে বরাদ্দ না দেওয়ার জন্য একজন নাগরিক ও নিবন্ধিত ভোটার হিসেবে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি।"

জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আসছে। গত ২০ অক্টোবর 'জামায়াতে ইসলামী বাংলাদেশ' নামটি পাল্টিয়ে দলটি 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' নামে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেয়।

তবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটিকে নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল জামায়াতের নিবন্ধনের বিরোধিতা করে।

নতুন আইন অনুযায়ী, নিবন্ধন না নিয়ে কোনও দল নির্বাচনে অংশ নিতে পারবে না।

'ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি' জামায়াতের নিবন্ধনের বিষয়ে লিখিত আপত্তি জানিয়ে বলেছে, "দলটি দীর্ঘদিন ধরে একটি বিদেশি দল ও প্রতিষ্ঠানের শাখা হিসেবে এদেশে অবৈধ ও অসাংবিধানিকভাবে রাজনীতি করে আসছে, যা আমাদের সংবিধান অনুমতি দেয় না।"

এতে আরও বলা হয়, "জামায়াতে ইসলামীর কতিপয় গুরুত্বপূর্ণ নেতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আনুগত্য স্বীকার করে রাজাকার ও আলবদর বাহিনীর সদস্য হিসেবে নয় ধরনের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকাণ্ডে জড়িত ছিল। এ নেতারা বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পন বা ভুল স্বীকার করেনি। তাই তাদের উপস্থিতিতে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে পারে না।"