২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই আইভী সেই আইভী নয়’

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর চার বছর আগের সঙ্গে এবারের ফারাক তুলে ধরেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

তিনি বলেছেন, সেই আইভীর ‘সঙ্গী’ এবার আওয়ামী লীগের সংসদ সদস‌্য এ কে এম শামীম ওসমান হওয়ায় দৃশ‌্যপট বদলে গেছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নারায়ণগঞ্জের আসন্ন নির্বাচন নিয়ে নিজের এই পর্যবেক্ষণ তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান।

শেষ মুহূর্তে বিএনপির বর্জনের মধ্যে দলের নেতা শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে গতবার মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের আইভী।

সেবার নির্দলীয় নির্বাচন হলেও আইন সংশোধনের পর এবার দলীয়ভাবে অনুষ্ঠেয় ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আইভী। দলীয় প্রার্থীকে সমর্থন দিচ্ছেন শামীম ওসমানও।

এই বিষয়টি তুলে ধরে নোমান বলেন, “চার বছর আগের আইভী, আজকের আইভী এক নয়। চার বছর আগে তার ভোটার কারা ছিল? আইভীর ভোটার ছিল সেখানে যারা নির্যাতিত-নিপীড়িত। সেখানে যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, সেখানে যারা অস্ত্রধারী, অস্ত্র দিয়ে মানুষ খুন করেছে, লুট করেছে, চাঁদাবাজি করেছে- এসবের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল আইভীর।

“আজকে চার বছর পরে আইভীর যে প্রধান সঙ্গী, সেটা হচ্ছে শামীম ওসমান। আইভীর যে প্রধান অবলম্বন, সেটা হচ্ছে নৌকা। আইভীর যে শক্তি, সেই সামাজিক শক্তি নেই। এই আইভী আগের আইভী নন, তার আগের অবস্থান নাই।”

গতবার ভোট বর্জনকারী বিএনপি এবার নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী করেছে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানকে। সাত খুনের মামলার এই আইনজীবী ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন বলে আশাবাদী নোমান।

Image
গণসংযোগেসাখাওয়াত হোসেন খান। ছবি: আসিফ মাহমুদ অভি

গণসংযোগেসাখাওয়াত হোসেন খান। ছবি: আসিফ মাহমুদ অভি

তিনি বলেন, “আমাদের দলের যে প্রার্থী, সাখাওয়াত সাহেব, তিনি ৭ খুনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি মামলা চালিয়ে সাহসিকতার সাথে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।”

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নির্বাচনের আগে সেনা মোতায়েনের দাবি আবারও জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা, যা ইসি ইতোমধ‌্যে নাকচ করেছে।

ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘লুই আই কানের নকশার নামে জিয়াউর রহমানের কবর সরানো সরকারের নীলনকশার ষড়যন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভায় নোমান জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

ইয়ুথ ফোরামের উপদেষ্টা নুরুল আমিনের সভাপতিত্বে এবং মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী বক্তব্য রাখেন।

পুরনো খবর:

‘পদ ছেড়ে আইভীর পক্ষে প্রচারে নামতেও’ রাজি শামীম