২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি নিয়ে ইসিতে বিএনপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 03:45 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠিটি মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ে পৌঁছে দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

সিইসির কাছে পাঠানো চিঠিটি ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিএনপি নেতাদের হাত থেকে নেন।

বিএনপি শুরু থেকে স্থানীয় সরকারের এই নির্বাচনে সেনা চেয়ে এলেও ইসি তার প্রয়োজন দেখছে না। 

রিজভী সাংবাদিকদের বলেন, “বর্তমান নির্বাচন কমিশন শেষ সময়ে এসে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ভালো পদক্ষেপ নেবে আশা করি। সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জে ভোটের অন্তত সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি আমরা।”

বিএনপির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা, অস্ত্র উদ্ধার, ভোটারদের নিরাপদে আসা-যাওয়া, ভোট কারচুপি রোধ, নির্বাচনী কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত রাখা ও ১০ দিন আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী কর্মকর্তাদের তালিকা সরবরাহ, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাৎক্ষণিক বদলির ব্যবস্থা, পোলিং কর্মকর্তাদের নিরাপত্তা ও কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “রিটার্নিং কর্মকর্তা বলেছেন, প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখনও সময় রয়েছে; কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”