২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক গয়েশ্বর

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নির্বাচন পরিচালনায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 03:04 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়ে জানান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে কমিটির সদস্যে সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল। এছাড়া সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই কমিটিতে থাকবেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে রিজভী ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে বলেন, “আমরা সবসময় বলেছি, নির্বাচনে একটা স্পেস রাখার কথা। আমরা জানি, নির্বাচনের ফলাফল ওরা কেড়ে নেবে, নির্বাচনকে নিয়ে যত ধরনের দুর্বৃত্তমূলক আচরণ আছে, তারা করবে।

“আমরা চেষ্টা করব এর মধ্য দিয়ে জনগণকে জানানো-এরা কত অনাচারকারী, এরা কত ধরনের গণবিরোধী আচরণ করতে পারে। আর যদি সরকারের শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে তারা ভালো নির্বাচন করবে।”

বিদায়ী নির্বাচন কমিশন নারায়ণগঞ্জে নিরপেক্ষ ভূমিকায় থাকবে এমনটাই আশা করেন রিজভী।

“বর্তমান নির্বাচন কমিশনের এটা শেষ নির্বাচন, ফেব্রুয়ারিতে তাদের বিদায় নিতে হবে। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সকল উদ্যাগ গ্রহণ করতে কমিশন সচেষ্ট হবেন। দলবাজ প্রশাসনকে সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের বসিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনবেন।”

বিএনপিপ্রধান খালেদা জিয়া দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেবেন কি না তা পরে জানানো হবে বলে রিজভী জানান।

সংবাদ সম্মেলনে চেয়ারপারনের উপদেষ্টা আবদুস সালাম, কাজী আসাদ, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবু সাঈদ খান খোকন, রাশেদা বেগম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।