আমাকে নয়, জনগণকে খুশি করুন: কাদের
এক অনুষ্ঠানে দলের নেতাদের দীর্ঘ বক্তব্য এবং তোষণ দেখে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকীতে সোমবার নগর ভবনে আয়োজিত এক শোকসভায় বক্তব্যে তিনি দলের নেতাদের ‘অতিকথন’ থেকে বের হয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী ওবায়দুল কাদেরের আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান দীর্ঘ সময় ধরে বক্তব্য দেন।
সবশেষে বক্তব্য দিতে উঠে ওবায়দুল কাদের তাদের দুজনের দিকে ইঙ্গিত করে বলেন, “এই বক্তারা কী বক্তৃতা করলেন, আমি বুঝলাম না।
“কেন এত সম্বোধনের প্রয়োজন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কতটা সম্বোধন করলে তিনি খুশি হবেন, সেটার কি আপনাদের দরকার আছে? আগে জনগণকে খুশি করুন। নেতার সাথে ভালো আচরণের দরকার নেই। ভালো আচরণ করুন জনগণের সঙ্গে।”
নেতাদের ‘অতিকথন’ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কথা আর কাজে মিল থাকতে হবে। বললাম এক কথা, আর কাজ করলাম আরেকটা। তা হবে না।”
সরকারের অর্জন কোনো নেতা-কর্মীর কারণে নষ্ট হওয়ার উপক্রম হলে দল কঠোর হবে বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।
“এত পরিশ্রম করে নেত্রীর এত অর্জন, এত উন্নয়ন। সেটা আমরা কারও অপকর্মের কারণে, গুটিকয়েকের খারাপ কাজের জন্য ম্লান হতে দেব না। এই পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে ফিরিয়ে আনা হবে।”
ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হানিফের জীবন থেকে শিক্ষা নিতে বর্তমান নেতার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক।
“জনগণের মনের ভাষা, চোখের ভাষা আপনারা কি বুঝতে পারেন? মেয়র হানিফ বুঝতে পেরেছিলেন বলেই তিনি মরেও অমর। মরেও তিনি বহু মানুষের হৃদয়ের রাজা।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের দীর্ঘকালের সভাপতি হানিফ বিএনপি আমলে ভোটে ঢাকার মেয়র নির্বাচিত হন। বঙ্গবন্ধুর একান্ত সচিব হানিফ ২০০৪ সালে গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন। স্প্লিন্টারবিদ্ধ হয়ে ধুকতে ধুকতে দুই বছর পর মারা যান তিনি।
অবিভক্ত ঢাকার মেয়র হানিফের ছেলে সাঈদ খোকন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। ঢাকা উত্তরের মেয়র হয়েছেন আনিসুল হক।
এই দুই মেয়রের কাজে কোনো বাধা তৈরি না করতে সবার প্রতি নজর দেন মন্ত্রী ওবায়দুল কাদের।
“এ দুজন ভালো কাজ করছেন। দয়া করে কেউ বাধা দেবেন না। ভালো কাজে বাধা দেবেন না। ক্ষতি হবে আমাদের দলের। ক্ষতি হবে সরকারের।”
আগাম সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। বিভিন্ন কমিটি গঠনে স্বচ্ছ থাকতেও হুঁশিয়ার করেন তিনি।
“কমিটি করছেন করুন, পকেট কমিটি যেন না হয়। পকেট কমিটি করবেন না। পকেট কমিটির পরিণতি ভয়াবহ। নির্বাচনে এর খেসারত দিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম মেয়র হানিফের স্মৃতিচারণ করে বলেন, তিনি মনেপ্রাণে ধর্মপ্রাণ হলেও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন।”
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, “আমি এমন একজন মানুষও পাইনি যার কাছ থেকে মেয়র মোহাম্মদ হানিফের প্রশংসা শুনিনি।
“ঢাকা শহরে হাঁটলে এখনো মেয়র হানিফের গায়ের গন্ধ একরকম পাওয়া যায়। সেটি তার সঙ্গীদের সঙ্গে চলেই হোক, তার কর্মজীবী যারা ছিলেন তাদের সঙ্গে মিশেই হোক, সেটি সাধারণ মানুষের সঙ্গে মিশেই হোক।”
অনুষ্ঠানের সভাপতি মেয়র হানিফের ছেলে সাঈদ খোকন বলেন, “আজকে আমার বাবা নেই। আমার বাবাকে আপনারা ভালোবাসা দিয়েছেন উজাড় করে। আমার বাবাও বিনিয়মে তার জীবন উৎসর্গ করেছেন এই শহরের মানুষের জন্য, এই দেশের জন্য।
“আমার বাবাকে যেমন আপনারা ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে ঘিরে রেখেছিলেন, সন্তান হিসেবে সেই ভালোবাসা এবং মমতাটুকু চেয়ে গেলাম। জীবনে যতদিন বাঁচি, আপনাদের পাশে যেন থাকতে পারি।”
