২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলায় রেজ্জাকুল হায়দারের পক্ষে জেরা শুরু

একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় পলাতক তারেক রহমানের পক্ষে মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের জেরা শেষ হওয়ার পর মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারের পক্ষে জেরা শুরু হয়েছে।।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ  সুপার আব্দুল কাহার আকন্দকে এই জেরা করা হয়।

মামলার আসামি রেজ্জাকুলের পক্ষে আইনজীবী আব্দুস সোবহান তরফদার জেরা শুরু করেন বলে জানিয়েছেন এ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজ্জাকুলের পক্ষে আরও জেরার জন্য আগামী ১৪ এবং ১৫ নভেম্বর দিন ঠিক করেছেন বিচারক।

মঙ্গলবার রেজ্জাকুলের পক্ষে জেরা শুরুর আগে মামলার পলাতক আসামি বিএনপি নেতা তারেক রহমানের পক্ষে তদন্ত কর্মকর্তা কাহার আকন্দকে অবশিষ্ট জেরা করা হয়। সোমবার তারেকের পক্ষে ওই জেরা শুরু করেছিলেন রাষ্ট্রের নিয়োগ দেওয়া আইনজীবী।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ বিশেষ সুপার কাহার আকন্দ হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় সম্পূরক হিসেবে সর্বশেষ অভিযোগপত্র আদালতে জমা দিয়েছিলেন। তিনি ছিলেন এ দুই মামলার চূড়ান্ত তদন্ত কর্মকর্তা।

গত ২৪ সেপ্টেম্বর থেকে কাহার আকন্দ জবানবন্দি দেওয়া শুরু করার পর ৩১ অক্টোবর তা শেষ হয়; এরপর ১ নভেম্বর থেকে আসামিদের পক্ষে তার জেরা শুরু হয়।

তারও আগে মামলাটিতে প্রথম অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপার মো. ফজলুল কবীর সাক্ষ্য দেন।

২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

সন্ত্রাসবিরোধী ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।

বিএনপি-জামায়াত জোট আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযোগপত্র দিয়ে বিচার শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জন।

মামলায় আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৪ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।

মানবতাবিরোধী অপরাধে এ মামলার আরেক আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

পুরনো খবর:

একুশে অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে তারেকের পক্ষে জেরা