আরও করার ‘ক্ষমতা আছে’ ওবায়দুল কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, মন্ত্রীরা দলের সম্পাদকমণ্ডলীতে এলে তাদের কাজ ‘বিঘ্নিত হয়’; তবে নিজের ক্ষেত্রে তার মূল্যায়ন ভিন্ন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংলাপে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে আরও কোনো কাজ দেন, সেটাও আমি পারব; আল্লাহ আমাকে সে ক্ষমতা দিয়েছেন।”
দলের কাজ ও মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে সামলাতে ‘কোনো অসুবিধা হবে না’ বলেই কাদের মনে করছেন।
গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সভাপতিমণ্ডলীর সদস্য করে ওই কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক করেছে আওয়ামী লীগ।
সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, নতুন সাধারণ সম্পাদক দলে আরও গতি আনবেন, আগামী নির্বাচনে জয়ের জন্য দলকে আরও সুসংগঠিত করবেন।
নতুন সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যের মধ্যে পাঁচজন মন্ত্রী হলেও সম্পাদকমণ্ডলীতে মন্ত্রিসভার কারও জায়গা হয়নি।
এর ব্যাখ্যায় ওবায়দুল কাদের বলেন, “অনেক মন্ত্রী দলের পদে নেই। দলের সম্পদকমণ্ডলীতে নেই। সম্পাদক মণ্ডলীতে মন্ত্রীদের তিনি (শেখ হাসিনা) রাখেননি।
“রাখেননি কারণ মন্ত্রীরা নিজেদের কার্যক্রম পরিচালনায় ব্যস্ত থাকেন; তাতে সম্পাদকমণ্ডলীর কাজটা বিঘ্নিত হয়।”
অবশ্য দল পরিচালনার জন্য নিজে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ দেখছেন না ওবায়দুল কাদের।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “দেখুন, যে রাঁধে, সে চুলও বাধে। যে পারে সে সবই পারে।... না পারলে দেখব।”
মন্ত্রী হিসেবে সড়কের দেখভাল করতে দেশজুড়ে ছুটোছুটি করে আলোচনায় থাকা কাদের দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও একই কায়দায় চালাবেন বলে জানান।
“আগে রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখতাম। এখন আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখব।”
কাদের বলেন, দলীয় সভাপতিকে অনুসরণ করে তিনিও ভোরে ওঠার অভ্যাস করেছেন।
“আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করি। ভোর ৫টায় যদি আপনি ঘুম থেকে ওঠেন, দেখবেন ১০টা বাজতে বাজতে আপনার কোনো কাজ থাকবে না।”
সড়ক মন্ত্রী জানান, ভোরে এক ঘণ্টা হাঁটাহাটির সময়েই তিনি টেলিফোনে দেশের বিভিন্ন স্থানে প্রকৌশলীদের কাছ থেকে কাজের খোঁজ-খবর নিয়ে ফেলেন। এরপর মন্ত্রাণলয়ে গিয়ে ফাইলের কাজ শেষ করে বেরিয়ে পড়েন রাস্তায়।
আর এ কারণেই প্রধানমন্ত্রী আরও কাজ দিলে তা পারবেন বলে আত্মবিশ্বাসী কাদের।
