২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ দমনের নামে বিরোধীদের হয়রানি করা হচ্ছে: নজরুল

জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত সরকারের ‘প্রশাসনিক কমিটি’ বিরোধী নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 01:42 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “জঙ্গিবিরোধী অভিযানের নামে সরকার শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক কমিটি গঠন করেছে।  

“এসব কমিটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা-কাল্পনিক অভিযোগে বিরোধীদলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে।”

বিএনপির নেতাকর্মীদের তালিকা করে গ্রেপ্তার, হয়রানির মাধ্যমে সরকার প্রকারান্তরে প্রকৃত অপরাধীদের আড়াল ও উৎসাহিত করছে বলে তিনি অভিযোগ করেন।

ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় ‘অসংখ্য’ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ তুলে অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা।

জঙ্গিবাদের বিরুদ্ধে দলের অবস্থান এবং খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের কথা তুলে ধরে নজরুল ইসলাম বলেন, “এখন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে যদি বলা হয়, জাতীয় ঐক্য হয়ে গেছে, তাহলে তো এটা ভুল।”

বিএনপিকে বাদ দিয়ে প্রশাসনিক কমিটি গঠনের প্রেক্ষাপটে দলের ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা মনে করি, সরকার আসলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে চায় না। তারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে দমন করতে চায়।

“সেজন্য আমরা এর নিন্দা জানানোর পাশাপাশি আমাদের মতো করে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির চেষ্টা করছি। সেই চেষ্টাকে আরও শক্তিশালী করতে, আরও বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে আমরা হয়ত সাংগঠনিকভাবে কোনো কার্য্ক্রম গ্রহণ করব। সেটা যখন হবে, তখন আপনাদের জানানো হবে।”

সম্প্রতি কানাড সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতনের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্সের কথা বলেছেন।

এ প্রসঙ্গে নজরুল বলেন, “অনৈতিক সরকারের প্রধানমন্ত্রী কানাডায় বলেছেন, নারী নির্যাতনে জিরো টলারেন্সে তার সরকার। অথচ একই দিন পত্রিকায় এসেছে সাতক্ষীরায় এমপিপুত্রের নারী কেলেঙ্কারির ঘটনা।

“নারী ও শিশু নির্যাতন আজ দেশের নিত্যদিনকার ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনিই নারী ধর্ষণের সংবাদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আজও গণমাধ্যমে ধর্ষিতা নারীর আত্মহত্যার মর্মান্তিক খবর প্রকাশিত হয়েছে।”

ঈদের সময়ে যানবাহন সংকট, ব্যাপকহারে সড়ক দুর্ঘটনা, নিত্যপণ‌্যের দাম বৃদ্ধি, কোরবানির পশুর চামড়া নিয়ে সরকারির দলের সিন্ডিকেট, চাঁদাবাজী-টেন্ডারবাজী, রাজধানীতে ক্ষমতাসীন দলের কোন্দলে হতাহতের তথ‌্য দিয়ে নজরুল এসব ঘটনায় সরকারের ‘নীরব ভূমিকার’ সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তকদির হোসেন মো. জসিম, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আবদুল আউয়াল খান, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।