২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হান্নান শাহকে নেওয়া হল সিঙ্গাপুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে চিকিৎসার জন‌্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 12:56 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

রোববার রাত ১২টায় শাহজালাল বিমান বন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে রওনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার বড় ছেলে শাহ রেজাউল হান্নান। 

গুরুতর অসুস্থ হান্নান শাহের সঙ্গে তার ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমিও গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে হান্নান শাহর ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ৭৭ বছর বয়সী হান্নান শাহ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রেজাউল হান্নান বলেন, “বাবার হৃদযন্ত্র ভালোভাবে কাজ করছে না, তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। সিএমএইচএর চিকিৎসকদের পরামর্শে বাবাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।”

একটি মামলায় আদালতে হাজিরা দিতে গত মঙ্গলবার সকালে মহাখালী ডিওএইচএসের বাসা থেকে বেরুনোর সময় হান্নান শাহ হৃদরোগে আক্রান্ত হন। তখনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

ওয়ান-ইলেভেনের পর কঠিন সময়ে খালেদা জিয়ার প্রতি আনুগত‌্যশীল হান্নান শাহ সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য।

পুরনো খবর:

বিএনপি নেতা হান্নান শাহ হাসপাতালে