ঈদযাত্রার দুর্ভোগের কারণ তিন মন্ত্রী: বিএনপি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং রেলমন্ত্রী মুজিবুল হকের ‘ব্যর্থতার’ কারণে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এ অভিযোগ করে বলেন, “এই যে ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন এক একটা করে কথা বলেন, রাস্তা-ঘাট সব ফাঁকা, কোনো কষ্ট হবে না।
“আমি ওবায়দুল কাদের সাহেবকে বলছি, এই সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, সব দায় আপনার। রাস্ত-ঘাট সম্বন্ধে আপনি জাতিকে মিথ্যা কথা বলেছেন, বিভ্রান্ত করেছেন। কোনো খাদ আপনি ঠিক করেননি।”
নৌ ও রেলমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “নৌমন্ত্রী খালি শহীদ জিয়াউর রহমান ও বেগম জিয়াকে গালি দিতে পারেন। লঞ্চ ঘাট ঠিক করার মতো যোগ্যতা শাজাহান খানের নেই।
“প্রতিদিন পত্রিকায় রেলের যেসব ছবি ছাপানো হয়, টেলিভিশনে যে ছবি আপনারা দেখেন, কী মর্মান্তিকভাবে যাত্রীরা ট্রেনে উঠছেন। মিথ্যা বানোয়াট কথা-বার্তা বলে মানুষকে রাস্তায় নামিয়ে তাদের কষ্টের কারণ হয়ে গেছেন আপনারা (মন্ত্রীরা)। ন্যূনতম যোগ্যতা আপনাদের নেই।”
শনিবার ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটে পড়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শুক্রবারও যানজট ছিল এসব মহাসড়কে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত সভায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়েও সমালোচনা করেন শামসুজ্জামান দুদু।
“ভালো ভালো কথা বলে আপনারা (সরকার) পশুর চামড়ার দাম ধরে দেন। গতবারের চেয়ে এবার চামড়ার দাম শতকরা ১০ ভাগ কম।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “এরা ক্ষমতায় এসেছে নিজের স্বার্থ, দলের স্বার্থ ও বিদেশিদের স্বার্থ দেখার জন্য। সেজন্য এই সরকার যতদিন থাকবে পথ ঘাট কৃষি শিক্ষা সংস্কৃতি সব কিছু ধ্বংস করে দেবে।”
বর্তমান ‘সংকট’ উত্তরণে জাতীয় সংসদ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “এই সরকারকে সরানোর জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। সেই রাস্তায় নামার আন্দোলন হবে শান্তিপূর্ণ।
“আমরা ’৭০ এর মতো একটি নির্বাচন চাই, যেই নির্বাচনে মানুষ যেন ভোট দিতে পারে, সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশের সব বালা-মুসিবত, দেশের যত সংকট ইনশাল্লাহ মীমাংসা হয়ে যাবে। সেই মীমাংসার নেত্রী হবেন আমাদের প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, হতাশার কিছু নাই।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শহীদ জিয়ার পদক বাতিল করে সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করেছে।
“কারণ সৌদি আরবে তার লাগানো নিম গাছের নাম হয়ে গেছে জিয়া গাছ। যুক্তরাষ্ট্রের একটি সড়কের নাম রাখা হয়েছে শহীদ জিয়া সড়ক।”
জিয়াউর রহমানকে ‘দুর্নীতিবিরোধী, কার্য্কর, সচল-সজীব মহামান্য ব্যক্তিত্ব’ অভিহিত করে শামসুজ্জামান দুদু বলেন, “তাই বলব, শেখ মুজিবকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়, জিয়াউর রহমানকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়।
“বেগম জিয়া এবং আজকের প্রধানমন্ত্রীকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়। বিদ্বেষ পরিহার করে মনটাকে বড় করুন।”
সংগঠনের উপদেষ্টা এমএম খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বক্তব্য রাখেন।
