২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহাসড়কে যানজট কুমিল্লা-মুন্সীগঞ্জে

ঈদযাত্রায় কুমিল্লা ও মুন্সীগঞ্জে যানজটের ধকল পোহাচ্ছেন চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলগামী যাত্রীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 11:07 AM

Updated : 12 Apr 2022, 02:51 AM

শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহগাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এবং কুমিল্লার পদুয়ার বাজার পর্যন্ত এলাকায় যানজট রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন।

সড়ক চার লেইনের হলেও এই মহাসড়কের বড় দুটি সেতু দুই লেইনের হওয়ায় টোল প্লাজা থেকে এই যানজটের শুরু বলে সড়কে কর্মরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়ায় মেঘনা সেতু থেকে দড়িবাউশিয়া পর্যন্ত আট কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ঈদের কারণে যানবাহনের চাপ বেশি থাকায় মেঘনা সেতু দিয়ে পার হয়ে হতে গিয়ে যানজট হচ্ছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই কামরুজ্জামান রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যানজট নিরসেন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় সামাল দিতে কষ্ট হচ্ছে।”

কুমিল্লা প্রতিনিধি জানান, দাউদকান্দিতে মেঘন-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজট লেগে আছে। এছাড়া গৌরীপুর, পদুয়ার বাজারসহ ছয়টি স্থানে ২৫ কিলোমিটার এলাকায় গাড়ি চলছে ধীরগতিতে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, সেতুর উভয় প্রান্তেই মূলত যানজট। এর প্রভাব সড়কে গিয়ে পড়ছে।

গত দুদিন ধরে ঢাকা থেকে কুমিল্লায় যাতায়াতে দুই ঘণ্টার বদলে পাঁচ থেকে সাত ঘণ্টা লাগছে বলে যাত্রী ও পরিবহন চালকরা জানিয়েছেন।

লালমাই হাইওয়ে ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দু-একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ালে যানবাহনের ধীরগতি হয়।”

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) রেজাউল করিম রেজা বলেন, কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু সংকীর্ণ হওয়ায় ওই তিনটি সেতুর উভয় প্রান্তে যানজট সৃষ্টি হচ্ছে।

“তবে তা স্থায়ী হচ্ছে না, ধীর গতিতে যানবাহন চলাচল করছে। হাইওয়ে ও থানা পুলিশ মহাসড়কে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”