২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলছে ধীরে

ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাড়তি যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন জায়গায় যানজট লেগেই রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 12:23 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

শনিবার মহাসড়কে টাঙ্গাইলের প্রায় ৬৫ কিলোমিটার জুড়ে থেমে থেমে খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

এর মধ্যে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় যাত্রীবাহী একটি বাস বিকল হওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।    

কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামান জানান, মহাসড়ক থেকে বিকল গাড়ি সরানো হয়েছে। দ্রুত যানজট নিরসন হবে।

এদিকে সকালে মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির জট তৈরি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, “যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করছে। তাই আশা, করছি এই যানজট দ্রুত নিরসন হবে।”