আর বসে থাকার সময় নেই: ফখরুল
জিয়াউর রহমানের কবর সরাতে গেলে সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে দলীয় নেতা-কর্মীদের ‘সর্বাত্মক আন্দোলনের’ প্রস্তুতি নিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের মাজার (কবর) যারা সরিয়ে ফেলতে চায়, তারা আহম্মকের স্বর্গে বাস করছে। তাকে এখান থেকে সরাতে হলে তাদের (সরকার) অনেক মূল্য দিতে হবে- এই কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই।
“এখন আমাদের আর বসে থাকবার সময় নেই। আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদের সংগঠিত হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের কবর সংসদ এলাকা থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনা সদস্যদের হাতে খুন হওয়া জিয়াউর রহমানের যে কবর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে রয়েছে, সেখানে তার মরদেহ রাখা হয়েছে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
ওই কবর থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের দাবি জানিয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “জাতীয় সংসদ পবিত্র জায়গা। এখানে কী আছে কে জানে, কুকুর-বিড়াল না কি কে জানে?
“আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ডিএনএ টেস্ট করান। যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব।”
বক্তব্যে সরকারবিরোধী আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আজকে বাংলাদেশ অন্ধকার গহ্বরের মধ্যে পড়ে গেছে, একটা অন্ধকার টানেলের মধ্যে পড়ে গেছে, যার সামনের দিকে কোনো আশার আলো দেখা যায় না। আমি বলব, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আজকে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে এই অপশক্তিকে পরাজিত করতে হবে, জনগণের বিজয় অর্জন করতে হবে।”
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। শনিবার ঢাকা মহানগরীর সব থানাসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
জিয়ার পদক প্রত্যাহারকে সরকারের ‘নিকৃষ্টতম’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের ঘোষক একজন অসীম সাহসী প্রজ্ঞাবান, দূরদৃষ্টিসম্পন্ন নেতা যিনি সেই সময় কিংকর্তব্যবিমুড় জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
“তার স্বাধীনতার পদক কেড়ে নেওয়ার অর্থ তাকে অপমান করাই নয়, এই পদক কেড়ে নেওয়ার মধ্য দিয়ে গোটা জাতির স্বাধীনতার পদক কেড়ে নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার ‘মুক্তিযুদ্ধ ও সব মুক্তিযোদ্ধাকে অপমানিত’ করেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “যেসব মন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবর্গ জিয়াউর রহমান সম্পর্কে বিষোদগার করছেন, যে ভাষাগুলো ব্যবহার করছেন, তারা সেই মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? সেদিন তো শহীদ জিয়ার আহ্বানে সাড়া দিয়ে তাদের অনেকে মুক্তিযুদ্ধে এসেছিলেন, বেশিরভাগই পালিয়ে চলে গিয়েছিলেন। জনগণ যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে।
“তারা যখন জিয়াউর রহমান সম্পর্কে এ্ই ধরনের উক্তি করেন, মন্তব্য করেন, পদক প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন নিঃসন্দেহে আমাদের বিশ্বাস করতে বাধ্য হতে হবে, তারা কখনোই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না।”
সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার ইতিহাসকে বিকৃত করছে। তারা বিকৃত করে ভুল ব্যাখ্যা দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটা খলনায়কে পরিণত করতে চাচ্ছেন আমাদের নতুন প্রজন্মের সামনে।
“এটাতে তারা কখনো সফল হবে না। সফল হবে না এজন্য যে সত্যকে দীর্ঘকাল ধরে চেপে দিয়ে রাখা যায় না; সফল হবে না এজন্য যে, সেই ব্যক্তির সন্মান হেয় করার চেষ্টা করছে, যে ব্যক্তিটি ১৬ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার কাজ দিয়ে, অবদান দিয়ে, তার ত্যাগ- তিতীক্ষা দিয়ে। শহীদ জিয়ার নাম স্বাধীনতার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, অবিচ্ছেদ্য অংশ।”
মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে দীর্ঘদিন কাজ করছে। তারা মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্রকে অস্বীকার করছে। তারা একে একে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।
“আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, এই প্রতারণা ও নাটক করার দরকার কী? এই সার্কাস করার দরকার কী? এসব না করে একবারে ঘোষণা করে দিলে হয়- এখন বাকশাল হবে, একদলীয় শাসন ব্যবস্থা হবে, অন্য কোনো দল থাকবে না, অন্য কোনো মত এখানে থাকবে না। আজকে সেই অবস্থাটা সৃষ্টি হয়ে গেছে।”
সভাপতির বক্তব্যে মহানগর আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “দেশে এখন আইনের শাসন নেই, এখন আওয়ামী শাসন চলছে। এই থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলনের নামতে হবে, এর কোনো বিকল্প নাই।
“আমি যতটুকু বুঝি, শহীদ জিয়াউর রহমানের পদক প্রত্যাহার করে আওয়ামী লীগেরই ক্ষতি হয়েছে, বিএনপির কোনো ক্ষতি হয় নাই।”
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্র দলের সভাপতি রাজীব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
