জঙ্গিবাদের উত্থানের কারণ সরকার: বাম মোর্চা
গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে জঙ্গিবাদীদের উত্থানের জন্য সরকারকে দায়ী করেছেন গণতান্ত্রিক বাম মোর্চা।
মোর্চার নেতারা বলছেন,আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে পারছে না বলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, মৌলবাদ-জঙ্গিবাদ-ফ্যাসিবাদ ও রাষ্ট্রিয় ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক কনভেনশন আয়োজন করে বাম মোর্চা।
অনুষ্ঠানে মোর্চার সমন্বয়ক সুভ্রাংশু চক্রবর্তী বলেন, “বহু ক্ষেত্রে সরকারি কর্তাব্যক্তিদের কথাবার্তায় মৌলবাদী ও উগ্রপন্থিরা বরং উৎসাহিত হয়েছে। সরকার নিজেই মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে। এই সবকিছুর সুযোগে জঙ্গিবাদী গোষ্ঠী বেপরোয়া ও শক্তিশালী হয়ে উঠছে।
“এখানে সরকার দলীয় স্বার্থে ‘ব্লেইম গেইম’ ও রাজনৈতিক ফায়দা হাসিলের খেলা খেলছে। জনপ্রতিনিধিত্বহীন আওয়ামী লীগ দেশের উগ্রপন্থা ও সাম্প্রদায়িকতার বিস্তারকে নিজেদের ক্ষমতায় টিকে থাকার বৈধতা সৃষ্টির কাজেই ব্যবহার করছে কি না, এমন প্রশ্নও বিভিন্ন মহল থেকে উঠেছে।”
জঙ্গি তৎপরতায় মদদের জন্য আওয়ামী লীগের অভিযোগের মুখে থাকা বিএনপি নেতারাও বলে আসছেন, মত প্রকাশের পথ রুদ্ধ করে সরকারই জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্র প্রস্তত করে দিয়েছে।
কনভেনশনে বাম মোর্চার অন্যতম শরিক গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু আওয়ামী লীগের জোট শরিক বাম দলগুলোর সমালোচনা করেন।
“সরকারের মধ্যে যে সকল বাম দল আছে; তারা নিজেরা এক এক জায়গায় সাম্প্রদায়িক আচরণ করছেন, আর সরকারের পা চাটছেন। বাম দলগুলোর মধ্যে ঐক্য হলে অনেক কিছুই করা যেত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তারের জন্য শিক্ষা ব্যবস্থার গলদকে দায়ী করেন।
“এখন দেশে জ্ঞানের চর্চা হচ্ছে না, তাই বিত্তবানদের সন্তানেরাও জঙ্গি হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজগুলোতে ইতিহাসের চেয়ে ইসলামের ইতিহাস গুরুত্ব পাচ্ছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তো ইতিহাস চর্চা নেইই। তরুণরা জ্ঞান আহরণ করবে কোথা থেকে?”
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে বেসরকারি উচ্চ শিক্ষা ব্যবস্থায়ও মুক্ত চিন্তার বন্ধ্যাত্ব রয়েছে মন্তব্য করে এই অধ্যাপক বলেন, “মাদ্রাসা-প্রাইভেট স্কুল-কলেজে একই রকম শিক্ষা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ব্যাপক মিল রয়েছে। মাদ্রাসায় যেমন মাতৃভাষা ও দেশের ইতিহাস চর্চা হয় না, তেমনি প্রাইভেটেও হয় না।”
গোলাম মোর্তজা জামায়াতে ইসলামীকে নিয়ে বড় দুই আওয়ামী লীগ ও বিএনপির অবস্থানের সমালোচনা করেন।
“জামায়াত এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। কেন? আওয়ামী লীগের শর্ত বিএনপিকে যে তুমি জামায়াতকে ছেড়ে আস, তাহলে তোমাদের সাথে জাতীয় ঐক্য গড়ব। বিএনপির কথা তুমি জামায়াতকে নিষিদ্ধ কর, আমরা জোট ছাড়ব না।”
“আওয়ামী লীগ চায় না যে বিএনপি জামায়াতকে ছেড়ে চলে আসুক। বিএনপি যদি জামায়াতকে ছেড়ে আসে তবুও আওয়ামী লীগ তাদের সাথে ঐক্য গড়বে না। বিএনপি দেখে, আমি যদি জামায়াতকে ছাড়ি আমার ভোট কমে যাবে এবং এর সুযোগ-সুবিধা আওয়ামী লীগ নিতে পারে,” বলেন মোর্তোজা।
