‘গাধাই’ থেকে গেলাম: কাদের সিদ্দিকী
রাজনৈতিক জীবনে দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে সায়াহ্নে এসে নিজেকে ‘গাধা’র সঙ্গে তুলনা করেছেন আব্দুল কাদের সিদ্দিকী।
কৃষক, শ্রমিক, জনতা লীগের এই সভাপতি মঙ্গলবার এক সভায় বলেছেন, “সবাই আমাকে অপদার্থ বলত, লম্বা গাধা বলত। সারা জীবন গাধাই থেকে গেলাম। মানুষ তো হতে পারলাম না।”
জঙ্গি হামলার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা ডাকেন কাদের সিদ্দিকী, যাতে আওয়ামী লীগ-বিএনপিসহ প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই সভায় জাসদকে আমন্ত্রণ না জানানোর কথা বলার এক পর্যায়ে এক সময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী বলেন, “তারাই এখন ক্ষমতার কাছাকাছি রয়েছে।
“রাজনীতিবিদ না হলে আমি যদি গায়ক হতাম, নায়ক হতাম, তাহলেও আপার (শেখ হাসিনা) মন্ত্রিসভায় ঠাই পেতাম। মহানগর নাট্যমঞ্চে জিয়ার নামে গান গাওয়া মমতাজ এখন আওয়ামী লীগে, আর বঙ্গবন্ধুর মাজারে গিয়ে গান গেয়ে বুক ভাসানো মনির খান এখন জাসাসে।”
বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আবার অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এরপর ভারতে গিয়ে আশ্রয় নেন তিনি।
নব্বইয়ের গণআন্দোলনে এইচ এম এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগে ফের সক্রিয় হন বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া কাদের সিদ্দিকী।
তবে কয়েক বছর পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল কৃষক, শ্রমিক, জনতা লীগ গঠন করেন তিনি। এরপর বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতাও রাজনৈতিক অঙ্গনে আলোচিত।
কাদের সিদ্দিকী বলেন, “কী অন্যায় করেছি, মুক্তিযুদ্ধ করে অন্যায় করেছি? বঙ্গবন্ধুর কথায় অস্ত্র জমা দিয়ে অন্যায় করেছি? তাকে হত্যার পর দেশ ছেড়ে গিয়ে অন্যায় করেছি?
“কেন প্রধানমন্ত্রী আমার স্ত্রী-সন্তানকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন। ব্যস্ত থাকলে পরে হলেও কেন তিনি ডেকে দেখা দিবেন না? তাদের মুখ দেখতে সমস্যা? কিন্তু ইনু-মতিয়াকে তো সহ্য হয়। ”
এসময় উপস্থিত স্ত্রী নাসরিন সিদ্দিকীকে দেখিয়ে কাদের সিদ্দিকী বলেন, “উপযুক্ত বউ অনেকেই পায় না। আমিও পাইনি। তবে ভালো বউ পেয়েছি।
“উপযুক্ত বউ পেলে যখন আমার মাতৃসম বোন তাকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, তখন সে ফিরে যাওয়ার সময় ইট খুলে নিয়ে যেত।”
